চট্টগ্রাম, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরী (আরআই চৌধুরী) সোমবার সন্ধ্যায় নগরীর একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫।
নগরীর সাউথ পয়েন্ট হাসপাতালে চিকিৎসাধীন আরআই চৌধুরী ৭টার দিকে মারা যান। তিনি হৃদরোগসহ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনির সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবির) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক আরআই চৌধুরী ১৯৯১ সালের ৩০ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৬ নভেম্বর পর্যন্ত উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল পর্যন্ত কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পর তিনি অবসর জীবনযাপন করছিলেন।
তার জামাতা ডা. মিনহাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাবেক উপাচার্যের মরদেহ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রথম জানাজা শেষে জোহরের নামাজের পর নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে দ্বিতীয় জানাজা হবে। এরপর গরীবুল্লাহ শাহ মাজারে তাকে দাফন করা হবে।
আরআই চৌধুরীর মৃত্যুতে চবির উপাচার্য অধ্যাপক এম বদিউল আলম শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১২০০ ঘ.
bdnews24