২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে দক্ষিণ চট্টগ্রামের ১৯ রুটে আট ঘণ্টা যান চলাচল বন্ধ

পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে দক্ষিণ চট্টগ্রামের ১৯টি রুটে সোমবার সকাল থেকে আট ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। কক্সবাজারের চকরিয়ায় রোববার এক কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনায় পরিবহন শ্রমিকদের সঙ্গে স্থানীয় জনগণের সংঘর্ষের জের ধরে শ্রমিকরা এ ধর্মঘট ডাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 03:39 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে দক্ষিণ চট্টগ্রামের ১৯টি রুটে সোমবার সকাল থেকে আট ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। কক্সবাজারের চকরিয়ায় রোববার এক কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনায় পরিবহন শ্রমিকদের সঙ্গে স্থানীয় জনগণের সংঘর্ষের জের ধরে শ্রমিকরা এ ধর্মঘট ডাকে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম শাখার বিভাগীয় আহ্বায়ক মৃণাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ২টার দিকে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। বেলা ৩টার পর যান চলাচল আবার স্বাভাবিক হয়। রোববারের ঘটনা তদন্তে কক্সবাজার জেলা পুলিশ সুপারকে প্রধান করে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে সাত সদস্যের একটি কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। রোববার দুপুরে কক্সবাজার জেলার চকরিয়ায় শাহ আমিন পরিবহনের একটি বাসে উঠতে গিয়ে গিয়াস উদ্দিন নামে এক কলেজ ছাত্র মারা যায়। এর প্রতিবাদে স্থানীয় জনগণ ও বিক্ষুব্ধ কলেজ ছাত্ররা বাস ও কাউন্টার ভাঙচুর করে এবং তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। ওই সংঘর্ষের কারণে রোববার চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকে। এর প্রতিবাদে পরিবহন শ্রমিক সংগঠনগুলো আট দফা দাবিতে সোমবার সকাল থেকে ১৯টি রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে। পুলিশ কর্তৃপক্ষ সকাল ১০টায় নগরীর ডিআইজি কার্যালয়ে মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসে। এরপর বেলা ২টায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় শ্রমিক নেতারা। বৈঠকে উপস্থিত মৃণাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশাসনের সঙ্গে সফল আলোচনার পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শ্রমিকদের ওপর হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দান, দক্ষিণ চট্টগ্রামে চলাচলরত সব পরিবহন শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করাসহ আট দাবি পূরণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।" চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ মহা পরিদর্শক মনজুর কাদের খানের সভাপতিত্বে এ বৈঠকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কামরুল হাসান, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন-চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক অলি আহমদ এবং আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে ধর্মঘটের কারণে সকাল থেকে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের ব্যাপক দুর্ভোগের সম্মুখীন হতে হয়। এদিকে ধর্মঘটের কারণে সকাল থেকে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিএইচ/জেকে/২১২৫ ঘ.