ঢাকা ১৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা মহানগরীর যানজট নিরসনের জন্য সরকার অগ্রাধিকার ভিত্তিতে পাতাল রেল নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে আগামী মাসেই সম্ভাব্যতা যাচাই সমীক্ষার জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে।
সোমবার যোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা গোলাম কাদেরের সভাপতিত্বে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং পাতাল রেল নির্মাণের বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়।
সভায় জানানো হয়, এ মাসের মধ্যেই পরিকল্পনা কমিশন থেকে সমীক্ষা প্রকল্পের অনুমোদন পাবে বাংলাদেশ রেলওয়ে। সরকারি অর্থায়নে এ সমীক্ষার জন্য ব্যয় হবে প্রায় ১০ কোটি টাকা।
বেসরকারি বিনিয়োগে ঢাকা শহরে ৬০ কিলোমিটার পাতাল রেল এবং ৩২ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২১২৬ঘ.
bdnews24