ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকায় আগে যেভাবে সন্ত্রাসীদের দেশে আনা হয়েছে সুব্রত বাইনের বেলায়ও একই পন্থা গ্রহণ করা হবে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত কমিশনার জাবেদ পাটোয়ারি সোমবার একথা জানান।
সুব্রত বাইনকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ প্রসঙ্গে জাবেদ পাটোয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি শুনেছি কলকাতায় বাংলাদেশের একজন বড় মাপের সন্ত্রাসী (সুব্রত বাইন) ধরা পড়েছে। যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের কোনও বন্দি বিনিময় চুক্তি নেই তাই বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি। আগের সন্ত্রাসীদের যেভাবে ফিরিয়ে আনা হয়েছে এবারও সেভাবে চেষ্টা করা হচ্ছে।"
আমাদের কলকাতা প্রতিনিধি জানান, গত শনিবার রাতে কলকাতা পুলিশ মধ্য কলকাতার একটি বাড়ি থেকে সুব্রত বাইনকে গ্রেপ্তার করে। সুব্রত বাইন বাংলাদেশ সরকারের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন।
কলকাতা পুলিশ বিভাগের যুগ্ম কমিশনার রাজীব কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শনিবার রাতে মধ্য কলকাতা থেকে সুব্রত বাইনকে আটক করা হলেও আমরা নিশ্চিত হতে চাইছিলাম ঠিক লোককে গ্রেপ্তার করা হয়েছে কিনা। এ কারণে সোমবার তার বিরুদ্ধে থানায় মামলা নথিভুক্ত করা হয়।
তিনি জানান, সুব্রতকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বলেছে কলকাতা পুলিশ।
রাজীব কুমার বলেন, সুব্রত বাইনের বিরুদ্ধে কলকাতায় কোনো ফৌজদারি মামলা নেই। তাই তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়েছে। কারণ তার কাছে ভারত ভ্রমণের বৈধ কাগজপত্র ছিল না।
ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর অনেক বাংলাদেশী সন্ত্রাসী সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়। গত বছর সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সরকার পাঁচ বাংলাদেশী অপরাধীকে বাংলাদেশের হাতে তুলে দেয়। এ বছরের মার্চে আরও দুই সন্ত্রাসীকে ফেরত পাঠায় ভারত। তবে এ বছরই গ্রেপ্তার করা খন্দকার তানভীরুল ইসলাম জয় নামে এক অপরাধীকে এখনও ফেরত দেয়নি ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কলকাতা প্রতিনিধি/এলএইচ/টিএইচ/এসকে/২০১৭ঘ.
bdnews24