বাগেরহাট, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট শহরের পুরনো পুলিশ লাইন সংলগ্ন জমিতে বসবাসকারী একটি পরিবারকে পুলিশ উচ্ছেদের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন পরিবারের কর্তা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক কর্মচারি শেখ মতিয়ার রহমান।
তার অভিযোগ, তাদের উচ্ছেদের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ লাইনের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) লুৎফর রহমান।
তবে আরআই লুৎফর রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেছেন মতিয়ারকে তিনি চেনেন না।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মতিয়ার রহমান বলেন, বাগেরহাট শহরের সরুই মৌজায় ১৯৭৯ সালে ভুপেশ চন্দ্র দাম, সুভাস চন্দ্র দাম ও অটল বিহারী দামের কাছ থেকে ১৩ শতক জমি কিনে ওই জায়গায় তিনি ঘর তুলে গত ২৫ বছর ধরে বসবাস করে আসছেন।
কিন্তু গত ১০ অক্টোবর সকালে পুলিশ লাইনের আরআই লুৎফর রহমান অর্ধশতাধিক পুলিশ সদস্যকে নিয়ে তার অনুপস্থিতিতে বাড়িতে চড়াও হন। তার স্ত্রী ও মেয়েকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন তারা।
এছাড়া পুলিশ সদস্যরা তার স্ত্রী-সন্তানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলেও মতিয়ার অভিযোগ করেন।
তিনি বলেন, "আমি বাড়িতে এসে ঘটনা শুনে জমির মূল দলিল দেখালে আরআই লুৎফর রহমান আর কথা না বাড়িয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।"
এ ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন এবং পুলিশ যে কোন সময়ে তার বাড়ি থেকে তাকে উচ্ছেদ করতে পারে বলে মতিয়ার আশংকা প্রকাশ করেছেন।
উচ্ছেদ চেষ্টার বিষয়ে জানতে চাইলে বাগেরহাট পুলিশ লাইনের কর্মকর্তা (আরআই) লুৎফর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওনাকে (মতিয়ারকে জিজ্ঞাসা করুন উনি আমাকে চেনেন কিনা। আর এখানে আমি চাকরি করতে এসেছি উচ্ছেদ করতে নয়।"
এ বিষয়ে তিনি আর কোন কথা বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৯ ঘ.
bdnews24