২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইয়ের পর ট্রেন থেকে ফেলে দিয়ে যাত্রী খুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় রোববার রাতে মহিন (৩০) নামে এক ব্যক্তিকে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করেছে একদল ছিনতাইকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 10:07 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় রোববার রাতে মহিন (৩০) নামে এক ব্যক্তিকে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করেছে একদল ছিনতাইকারী। এর আগে ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন সেট কেড়ে নেয়। মহিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরে। তিনি চট্টগ্রাম যাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে উঠেছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম রেলস্টেশন থেকে দুজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। এরা হলেন- ঢাকার শনি আখড়া এলাকার তারেক গাজী (২৫) ও শরিয়তপুরের চরপুলি গ্রামের জাবেদ মিয়া (২৬)। আখাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, রোববার রাত আড়াইটার দিকে ঢাকা থেকে চট্রগ্রামগামী আন্তনগর এক্সপ্রেস ট্রেন তুর্ণা নিশিথা কসবার চকবস্থা এলাকা অতিক্রম করার সময় এক দল ছিনতাইকারী মহিনকে মারধর করে। পরে ছিনতাইকারীরা তার কাছ থেকে দুই হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তিনি জানান, ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে চকবস্থা এলাকা থেকে মহিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চট্টগ্রাম রেলস্টেশনে গ্রেপ্তারকৃত দুজন ছিনতাইয়ের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি আবু তাহের। মহিনের স্ত্রী পারভিন বেগম সাংবাদিকদের বলেন, তিনি তার স্বামীর হত্যাকারীদের বিচার চেয়ে জিআরপি থানায় মামলা করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫৫ ঘ.