রাজশাহী, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে রোববার দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় আবহাওয়া কার্যালয়ের সামনের ধানক্ষেত থেকে রাশেদ ওরফে পিন্টু (২০) নামে একজনের লাশ উদ্ধার করা হয়। পিন্টুর মির্জাপুর এলাকার আব্দুর রশিদের ছেলে।
অজ্ঞাতনামা অপরজনের লাশ উদ্ধার করা হয় পুঠিয়া উপজেলার তারপুর বাজারের হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছ থেকে।
মহিতহার থানার ওসি রফিকুল ইসলাম খান জানান, সকালে বিনোদপুর আবহাওয়া কার্যালয়ের সামনের ধানক্ষেত থেকে পিন্টুর লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিন্টুর বাবা অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে সাদা পাজামা পাঞ্জাবি ছিল। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৭ ঘ.
bdnews24