ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পুকুরে ডুবে ভর্তি ফরম তুলতে আসা এক ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
তৌহিদুল হক সৈকত নামের তরুণটি এ বছর নটরডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ- ৫ পেয়েছিল।
ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক জানান, সৈকত অগ্রণী ব্যাংকে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ফরম তুলতে এসেছিল। বন্ধুদের সঙ্গে বাজী ধরে সাঁতরে পুকুরের এপার থেকে ওপার যাওয়ার সময় সে ডুবে যায়। ছাত্র ও কর্মচারীরা মিলে তাকে পুকুরের পাড়ে তুলে আনে।
প্রাধ্যক্ষ জানান, ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার সৈকতকে মৃত ঘোষণা করেন।
সৈকতের বাসা শান্তিনগরের চামেলীবাগে। তার গ্রামের বাড়ি পাবনা। তার বাবার নাম রেজাউল হক। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল বড়।
প্রাধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল হক জানান, কার্জন হলের পুকুরে গত বছরও দু'জন ডুবে মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৮১০ঘ.
bdnews24