গাইবান্ধা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রয়োজনীয় স্লিপার না থাকায় সান্তাহার-লালমনিরহাট রেলপথটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে গাইবান্ধার বামনডাঙ্গা থেকে বাদিয়াখালি রেলস্টেশন পর্যন্ত রেলপথের অবস্থা খুবই নাজুক। দুর্ঘটনা এড়াতে যাত্রীবাহী ট্রেনের সর্বোচ্চ গতি ৪০ কিলোমিটার নির্ধারণ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন তাজুল ইসলাম রেজা।
গাইবান্ধা স্টেশন মাস্টার আব্দুল ওয়াহেদ মণ্ডল জানান, সান্তাহার-লালমনিরহাট রেলপথের গাইবান্ধার সীমানায় ৪৫ কিলোমিটার রেলপথ রয়েছে। স্টেশন রয়েছে আটটি। এগুলো হল- বামনডাঙ্গা, নলডাঙ্গা, কামারপাড়া, কুপতলা, গাইবান্ধা, ত্রিমোহনী, বাদিয়াখালি, বোনারপাড়া।
এ রমধ্যে বামনডাঙ্গা থেকে কুপতলা ও ত্রিমোহনী থেকে বাদিয়াখালি অংশের ২৭ কিলোমিটার রেলপথের অবস্থা খুবই নাজুক। এ পথে প্রতিদিন যাতায়াত করে সাতটি ট্রেন। এগুলো হলো- পদ্মরাগ, লালমনি এক্সপ্রেস, লোকাল, দিনাজপুরগামী এক্সপ্রেস, ১৯ আপ, করতোয়া এক্সপ্রেস ও তিস্তা এক্সপ্রেস।
স্টেশন মাস্টার জানান, ১৯৮৮ সালের দিকে এই রেলপথে কাঠের স্লিপার স্থাপন করা হয়। এসব স্লিপারের স্থায়িত্ব ১২ বছর। অথচ ২০ বছর অতিবাহিত হলেও তা পরিবর্তন কিংবা নতুন স্লিপার স্থাপন করা হচ্ছে না। বামনডাঙ্গা থেকে বোনারপাড়া পর্যন্ত রেলপথের বিভিন্ন অংশে শতকরা ৬০ থেকে ৭০ ভাগ স্লিপার নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, দ্রুত গতিতে ট্রেন চালানোর জন্য রেলপথে যে পরিমাণ স্লিপার থাকার কথা তা নেই। উপরন্ত বর্ষা ও নানা কারণে কাঠের স্লিপারগুলো ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। কোন কোন স্থানে স্লিপার পচে নষ্ট হয়েছে। কোন কোন স্থানে স্লিপারের অর্ধেক অংশ ক্ষয়ে গেছে। ফলে এসব স্থানে স্লিপার থেকে পৃথক হয়ে গেছে নাট-বোল্ট। কোথাও কোথাও নাট-বোল্ট চুরি গেছে।
গাইবান্ধা রেলষ্টেশন মাস্টার আব্দুল ওয়াহেদ মণ্ডল আরও বলেন, আগে ঘন্টায় ৬০ কি.মি. গতিতে একটি ট্রেন বামনডাঙ্গা থেকে বোনারপাড়া পর্যন্ত ৪৫ কি.মি. পথ যেতে সময় লাগত ৫৫ মিনিট। বর্তমানে ৪০ কি.মি. গতিতে চালানোর কারণে একই পথ পাড়ি দিতে সময় লাগছে দেড় ঘন্টা।
তিনি বলেন, "গাইবান্ধা রেলস্টেশনের রেলপথেও পর্যাপ্ত স্লিপার নেই। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"
গত শুক্রবার এ রেলপথে ভ্রমণকালে নিয়মিত ট্রেনযাত্রী সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মোস্তাফিজার রহমান (৪৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গাপীড়িত এলাকার মানুষের জন্য ট্রেন ভ্রমণ নিরাপদ ও সাশ্রয়ী। কিন্তু গতি কমিয়ে দেওয়ার কারণে দ্রুত গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না।"
সাঘাটা উপজেলার বোনারপাড়া গ্রামের চাকরিজীবি আব্দুল জোব্বার (৫২) বলেন, "উন্নত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পূর্বশর্ত। এক্ষেত্রে রেল যোগাযোগ অগ্রণী ভূমিকা রাখতে পারে। কিন্তু এ অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। অথচ রেল যোগাযোগ ব্যবস্থা আধুনিক করলে একদিকে যাত্রীসেবা বৃদ্ধি পাবে অন্যদিকে সরকারের আয়ও বাড়বে।"
বেসরকারি রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ইসলাম শিপ বিল্ডার্স এর স্বত্ত্বাধিকারী মনজুরুল ইসলাম লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ায় ট্রেন বেশ লাভজনক হয়ে উঠেছে। সরকার আগের তুলনায় ট্রেন থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করছে। কিন্তু রেলপথ রক্ষণাবেক্ষণে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না।"
এ বিষয়ে সান্তাহার-লালমনিরহাট রেলপথের বামনডাঙ্গা উপ-বিভাগীয় প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী (পথ) দীপক কুমার সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রয়োজনীয় স্লিপার স্থাপনের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।"
এছাড়া নিয়মিত রেলপথ রক্ষণাবেক্ষণে শ্রমিক নিয়োজিত রয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৮ ঘ.
bdnews24