ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে রোববার থেকে শুরু হয়েছে ষষ্ঠ 'সাফ ফ্রেন্ডশিপ ক্যাম্প'।
সকাল সাড়ে ১০টায় সপ্তাহব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। বাংলাদেশ স্কাউটসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুদ্দীন আহমদ বলেন, "স্কাউটিং কার্যক্রম সারা বিশ্বেই যুবকদের শারিরীক, মানসিক, সামাজিক, সাংস্কৃতিক ও আত্মিকভাবে উন্নয়নে সাহায্য করে এবং তাদের সৎ, আত্মবিশ্বাসী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলে।"
তিনি আরো বলেন, "এই ক্যাম্পের মাধ্যমে নতুন বন্ধুত্ব তৈরি হবে যার ফলে ভবিষ্যতে আঞ্চলিক সহযোগিতা আরো গভীর হবে। এবং সার্ক অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে টেকসই সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে তা কাজে লাগবে।"
ক্যাম্পে সার্কভূক্ত দেশগুলোর মোট ৩৫০জন রোভার স্কাউট ও কর্মকর্তা অংশ নিচ্ছেন। এবারের প্রতিপাদ্য বিষয়- 'শান্তি ও বন্ধুত্বের জন্য স্কাউটিং' (স্কাউটিং ফর পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ)।
ফ্রেন্ডশিপ ক্যাম্পে অংশগ্রহণকারীরা অভিযান, আনন্দ ভ্রমণ, ডিসকভারি, ইয়ুথ ফোরাম, দেশভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, যুব সংসদ, মহাতাঁবু জলসা, আন্তর্জাতিক রজনী প্রভৃতি কর্মসূচিতে অংশ নেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফেন্ডশিপ ক্যাম্পের সাংগঠনিক সভাপতি মো. মোজাম্মেল হক খান, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও শিক্ষা সচিব মো. মোমতাজুল ইসলাম। এছাড়া সার্কভূক্ত দেশগুলোর চিফ কমিশনাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আগামী ১৩ অক্টোবর চিফ কমিশনাররা যমুনা রিসোর্টে এক সভায় মিলিত হবেন এবং সাফ ফ্রেন্ডশিপ ক্যাম্প পরিদর্শন করবেন। ১৬ অক্টোবর যুব সংসদের (ইয়ুথ পার্লামেন্ট) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে স্কাউটিং কার্যক্রম জোরদার ও বিনিময়ের লক্ষ্য নিয়ে দক্ষিণ এশিয়া ফাউন্ডেশনের (সাফ) সহযোগিতায় ২০০২ সাল থেকে 'সাফ ফ্রেন্ডশিপ ক্যাম্পে'র যাত্রা শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/টিএইচ/এসকে/১৮০১ঘ.
bdnews24