২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় দুর্ঘটনায় ছাত্র নিহত, অবরোধ-বাসে আগুন

চকরিয়া উপজেলার চিরিঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে রোববার সকাল থেকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা ও ছাত্ররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 08:24 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

কক্সবাজার, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চকরিয়া উপজেলার চিরিঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে রোববার সকাল থেকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা ও ছাত্ররা। তারা দুটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের গাড়িও ভাংচুর করে। ওই সড়কে সকাল সাড়ে ৯টা থেকে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার বিশ্ববিদ্যালয় কলেজের বাণিজ্য দ্বিতীয় বর্ষের ছাত্র গিয়াস উদ্দিন একটি বাসের চাপায় নিহত হন। এর পরপরই ছাত্ররা রাস্তায় নেমে আসে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সাংবাদিক আবদুল্লাহ আল মামুন ও ছোটন কান্তি নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গিয়াস কলেজে যেতে চিরিঙ্গা স্টেশনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম থেকে আসা শাহ আমিন পরিবহনের একটি বাসে উঠার চেষ্টা চালান তিনি। কিন্তু হেলপার তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। ওই সময় পেছন থেকে আসা শাহ আমিন পরিবহনের আরেকটি বাস গিয়াসকে চাপা দেয়। এতে তার দেহটি দ্বিখণ্ডিত হয়ে পড়ে। দুর্ঘটনায় গিয়াসের মৃত্যুর খবর পেয়ে ওই এলাকার ছাত্ররা রাস্তায় নেমে আসে। ওই সময় স্থানীয়রাও যোগ দেয় ছাত্রদের সঙ্গে। আবদুল্লাহ আল মামুন বলেন, "সকাল সাড়ে ৮টায় দুর্ঘটনা ঘটলেও গিয়াসের লাশটি সেখানে পড়ে থাকে। দ্বিখণ্ডিত ওই লাশ দেখে স্থানীয় ছাত্র-জনতা উত্তেজিত হয়ে উঠে। সাড়ে ৯টার দিকে তারা সড়ক অবরোধ করে। এক পর্যায়ে চকরিয়া স্টেশনে শাহ আমিন পরিবহনের একটি বাসে এবং মাতামুহুরী সেতুর কাছে একই পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেয় তারা।" খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেলেও বাসের আগুন নেভাতে বাধা দেয় ছাত্ররা। ওই সময় পুলিশের সঙ্গে ছাত্র-জনতার কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়। বেলা ১১টার দিকে কক্সবাজার থেকে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমাম হোসেন ও সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সরওয়ার আলম দাঙ্গা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। ওই সময় বিক্ষুব্ধ ছাত্ররা অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি ভাংচুর ও পুলিশকে ধাওয়া করে। ধাওয়ার মুখে পুলিশ কর্মকর্তারা স্থানীয় একটি হোটেলে আশ্রয় নিলে ছাত্ররা ওই হোটেলটিতেও ভাংচুর চালায়। পরে পুলিশ কর্মকর্তাদের দোকানের পেছন দিয়ে পালিয়ে আত্মরক্ষা করেন। ছাত্রদের ইটের আঘাতে সহকারী পুলিশ সুপার সরওয়ার আলম আহত হয়েছেন। তাকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ সময় ফাঁকা গুলিবর্ষণ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সরওয়ার আলম সাংবাদিকদের বলেন, "ছাত্ররা পুলিশের ওপর হামলা চালিয়েছে। তবে স্থানীয় জনতা বিক্ষুব্ধ ছাত্রদের নিবৃত্ত করার চেষ্টা চালায়।" অপরদিকে কক্সবাজার কলেজের ছাত্ররা শহরে শাহ আমিন পরিবহনের একটি বাসে ভাংচুর চালায়। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মনজুর আলম ভূঁঞা দুপুর দেড়টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি এখন অনেকটা শান্ত রয়েছে। তবে ছাত্র-জনতা সড়ক অবরোধ করে রেখেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।" ছাত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে খুব শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশাবাদ প্রকাশ করেন জেলা প্রশাসক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪১৪ ঘ.