২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই প্রকৌশলীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় দুই প্রকৌশলীর মৃত্যু হয়েছে। রাত দেড়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 06:12 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

টাঙ্গাইল, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় দুই প্রকৌশলীর মৃত্যু হয়েছে। রাত দেড়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। কালিয়াকৈর এলাকাটি টাঙ্গাইলের মির্জাপুর সংলগ্ন। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট উপজেলা নির্বাহী প্রকৌশলী রহিজ উদ্দিন আহমেদ (৫৫) এবং সিরাজগঞ্জে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম। সম্পর্কে নিহতরা দুই জন ভায়রা ভাই। প্রবাসী এক আত্মীয়কে বিমানে তুলে দিয়ে তারা সিরাজগঞ্জ ফিরছিলেন বলে পুলিশ জানায়। ওসি জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রহিজ উদ্দিন তার অস্ট্রেলিয়া প্রবাসী পুত্রবধূকে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে বিদায় জানিয়ে একটি মাইক্রোবাসে চড়ে আত্মীয়-স্বজনসহ সিরাজগঞ্জ ফিরছিলেন। রাত দেড়টার দিকে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে মাইক্রোবাসটি ধাক্কা দেয়।" দুর্ঘটনায় রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রহিজ উদ্দিনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। রহিজের বাড়ি সিরাজগঞ্জ সদরের মছিমপুর গ্রামের দক্ষিণপাড়ায়। রফিকুলের বাড়ি একই জেলার কাজীপুর উপজেলার বাগবাড়ী গ্রামে। দুর্ঘটনায় মাইক্রোবাসচালকসহ আরও পাঁচ জন আহত হয়েছে। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.