২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনায় ১২ জন আটক

সাতক্ষীরার তালা উপজেলায় দুই বিএনপি নেতার বাড়িতে হামলা, লুটপাট ও আগুন লাগানোর ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার গভীর রাতে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 03:46 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

সাতক্ষীরা, ১১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার তালা উপজেলায় দুই বিএনপি নেতার বাড়িতে হামলা, লুটপাট ও আগুন লাগানোর ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার গভীর রাতে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন বিএনপি নেতা লুৎফর রহমান গাজী, সেনেরগাতি গ্রামের ছামছুদ্দিন গাজী (৪০), আকছেদ আলী (২৫), আবুল হাসান গাজী (৩০), আসাম সরদার (১৬), কামরুল ইসলাম (২৫), পাঁচপাড়া গ্রামের গোলাম রসুল (২৯), আমির গাজী (৪০), শের আলী (৩০), আজিবর খাঁ (৩৫), মানিকহার গ্রামের চঞ্চল (১৮) ও পরিতোষ (২৫)। গত বধুবার রাতে তালা উপজেলার ধানদিয়া ইউপি'র চেয়ারম্যান ও জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য আরিফুজ্জামান চঞ্চল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বিক্ষুব্ধ জনতা ওই ইউনিয়ন পরিষদ ও স্থানীয় বিএনপির সদস্য আব্দুল মালেক লালু এবং যুবদল নেতা রুহুল কুদ্দুসের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে আগুন লাগিয়ে দেয়। আগুন, লুটপাট ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শুক্রবার রাতে অজ্ঞাতনামা ৩/৪ হাজার ব্যক্তিকে আসামি করে একটি মামলা হয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক মো. আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিক তদন্তের ভিত্তিতে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।" তিনি বলেন, "কিছু মানুষ তাদের স্বার্থ উদ্ধারের জন্য গুজব ছড়িয়ে ফায়দা লুটার চেষ্টা করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কারা এর নেপথ্যের নায়ক তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।" শুক্রবার আগুন লাগানোর পর সেনেরগাতি গ্রামের লালু মেম্বর ও কৃষ্ণনগর গ্রামের যুবদল সভাপতি রুহুল কুদ্দুসের পরিবার শনিবার সন্ধ্যা পর্যন্ত তাদের ধ্বংস হয়ে যাওয়া বসতবাড়িতে ফেরেনি। আবারও হামলার আশঙ্কায় তারা অন্যত্র আশ্রয় নিয়েছে। ধানদিয়ার চেয়ারম্যান চঞ্চল হত্যার দু'দির পর দুই বিএনপি নেতার বাড়িতে তাণ্ডবের পর থেকে ধানদিয়ার বেশ কয়েকটি গ্রাম এখন পুরুষ শূন্য। বাড়িতে থাকা নারী ও শিশুরা আতঙ্কিত। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু দাউদ জানান, ধানদিয়ার গ্রামগুলোতে এখনও পুলিশ মোতায়েন রয়েছে। শনিবার নিজবাড়ির ধ্বংস স্তুপের পাশে দাঁড়িয়ে রুহুল কুদ্দুসের বৃদ্ধ বাবা পিতা আলীমুদ্দিন সাংবাদিকদের বলেন, "আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। এ কোন অরাজকতা, নিজ চোখে দাঁড়িয়ে দেখলাম আমার বাড়ি ঘরে কারা আগুন লাগাচ্ছে, ভাঙচুর আর লুটপাট করছে।" ৭০ বছরের এই বৃদ্ধ আরও বলেন, তার ছেলে দোষী হলে বিচারে তাকে ফাঁসি দিলেও তার আপত্তির কিছু নেই। তাই বলে এমন সাজানো ঘর সংসারে প্রকাশ্যে লুটপাট ও আগুন ধরিয়ে নিশ্চিন্ন করে দেবে? বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১৩৯ ঘ.