২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিনুর মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর মুক্তির দাবিতে শনিবার রাজশাহীতে বিএনপির মানববন্ধন করতে দেয়নি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 02:26 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

রাজশাহী, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর মুক্তির দাবিতে শনিবার রাজশাহীতে বিএনপির মানববন্ধন করতে দেয়নি পুলিশ। পুলিশের অনুমতি না নেওয়ায় কর্মসূচিতে বাধা দেওয়া হয় বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক মিনুর মুক্তির দাবিতে বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর মনি চত্ত্বরে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে ব্যানার বের করার চেষ্টা করলে পুলিশ তা ছিনিয়ে নিয়ে তাদের সরিয়ে দেয়। এ সময় জেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, "মানববন্ধন আমাদের গণতান্ত্রিক অধিকার। সরকার জরুরি আইন প্রয়োগ করে আমাদের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে।" তিনি অবিলম্বে জরুরি আইন প্রত্যাহার করে দেশে গণতন্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানান। ওসি রমজান আলী বলেন, "জরুরি আইনের মধ্যে কেউ বিনা অনুমতিতে মানববন্ধনের মত রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না। তারা পুলিশের কাছ থেকে কোন ধরনের অনুমতি নেয়নি বলে তাতে বাধা দেওয়া হয়েছে।" মিজানুর রহমান মিনুকে গত বছরের ১১ জুন জরুরি বিধিমালায় গ্রেপ্তার করে যৌথবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০১৫ ঘ.