২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের আ. লীগ নেতা সোলায়মানের মৃত্যু

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা মো. সোলায়মান আলী শুক্রবার রাতে রাজধানীর উপকণ্ঠে টঙ্গি এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 01:20 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ফরিদপুর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা মো. সোলায়মান আলী শুক্রবার রাতে রাজধানীর উপকণ্ঠে টঙ্গি এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দুই ছেলে রেখে গেছেন। শনিবার বিকেলে নগরকান্দা উপজেলার জয়বাংলা মাঠে তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কানফরদী গ্রামের পারিবারিক কবরস্থানে সোলায়মান আলীকে দাফন করা হয়। পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। সকালে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে প্রথম ও নগরকান্দার এম এন একাডেমী মাঠে সোলায়মান আলীর দ্বিতীয় জানাজা হয়। সবগুলো জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। সোলায়মান আলী দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা) আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি। মুক্তিযোদ্ধা সোলায়মান 'মুক্তিযুদ্ধে বৃহত্তর ফরিদপুর' নামে একটি গ্রন্থও লিখেছেন। সোলায়মান আলীর মৃত্যুতে আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ শোক প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/এমএসবি/১৯১১ ঘ.