২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

শহরের গোডাউন কোয়ার্টার এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শনিবার সকালে ফরিদা ইয়াসমিন সীমা (১৯) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 12:54 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ফেনী, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শহরের গোডাউন কোয়ার্টার এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শনিবার সকালে ফরিদা ইয়াসমিন সীমা (১৯) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। সীমা ফেনী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। সে ফুলগাজী উপজেলার ফালিকাপুর গ্রামের সামছুল আলমের মেয়ে। বিকেলে গ্রামের কবরস্থানে সীমাকে দাফন করা হয়। নয় ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড়। চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সীমার মৃত্যু হয় বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লেভেল ক্রসিং-এ গেট লাগানো থাকার পরও সকাল সাড়ে ৮টার দিকে কলেজ যাওয়ার জন্য মোবাইল ফোনে কথা বলতে বলতে সীমা রেললাইন পার হচ্ছিল। ওই সময় সুবর্ণ এক্সপ্রেস ট্রেন তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।" সীমার মৃত্যুর খবর শুনে কলেজের ক্লাস বন্ধ হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৮৪২ ঘ.