ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন আনসার ও ভিডিপি'র মহাপরিচালক (ডিজি) হিসেবে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তা মেজর জেনারেল আবদুল হাফিজ।
সংস্থাপন মন্ত্রণালয় শনিবার তার এ নিয়োগ সংক্রান্ত এক আদেশ জারি করে। ওই আদেশে মেজর জেনারেল হাফিজকে রাষ্ট্রদূত নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রনালয়ে ন্যস্ত করা হয়।
একই আদেশে এছাড়া সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিনকে আনসার ও ভিডিপি'র মহাপরিচালক নিয়োগ করা হয়েছে। এর আগে ব্রিগেডিয়ার আমিন সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এ কর্মরত ছিলেন।
অন্য একটি আদেশে সেনাবাহিনীর অন্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে বিআইআইএসএস-এর মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/১৫৩০ ঘ.
bdnews24