ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে আরও তিন জন মারা গেছে। শনিবার বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ওই তিন জনের মৃত্যু হয়।
এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা পাঁচ জনে দাঁড়িয়েছে। এতে আহত আরও ৩৭ জন হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার রাতে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিমতলী এলাকায় একটি ট্রাক উল্টে হতাহতের ওই ঘটনা ঘটে। মালবাহী ট্রাকটিতে চড়ে একদল শ্রমিক বগুড়া যাচ্ছিল।
দুর্ঘটনায় নিহতরা হলেন- বগুড়া শহরের লতিফপুর কলোনির মানিক মিয়া (৪০), শহরের চেলোপাড়ার শাখাওয়াত হোসেন এর ছেলে মিরাজুল (১৮), শিবগঞ্জ উপজেলার মাফেজ উদ্দীনের ছেলে মাহফুজুর রহমান (৩০), কুড়িগ্রামের আব্দুস সামাদের ছেলে রাশেদুল (১৮) এবং আব্দুল মান্নান (২৩)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর বগুড়া প্রতিনিধি জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে মিরাজুল, রাশেদুল ও মান্নান শনিবার সকালে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
দুর্ঘটনায় হতাহতদের সবাই বগুড়ার বিভিন্ন হোটেলের শ্রমিক বলে জানিয়েছেন বগুড়ার সদর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
তিনি বলেন, "একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে তারা বগুড়া ফিরছিলেন।"
দুর্ঘটনায় আহতরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে বগুড়া সরকারি আযিযুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও হোটেল শ্রমিক নেতা সুইন চৌধুরীও রয়েছেন।
জয়পুরহাট প্রতিনিধি জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সঙ্ঘটিত ওই দুর্ঘটনায় মানিক ও মাহফুজুর ঘটনাস্থলেই মারা যান।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব বলেন, "পাঁচবিবিতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাবুর্চিসহ ৭০ জন হোটেল শ্রমিক ট্রাকে চড়ে বগুড়া যাচ্ছিল। পথে নিমতলীতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার ওপর উল্টে যায়।"
ওই সময় ট্রাকের নিচে চাপা পড়ে মানিক ও মাহফুজুর ঘটনাস্থলেই মারা যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
দুর্ঘটনায় আহতদের প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে, পরে গভীর রাতে সেখান থেকে তাদের জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫০০ ঘ.
bdnews24