২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ

ঝিনাইদহ জেলা শহরের আদর্শপাড়ায় আগুনে পুড়ে রীনা খাতুন (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে পুলিশ। এ জন্য গৃহবধূর স্বামী মিল্টনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 08:35 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঝিনাইদহ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ জেলা শহরের আদর্শপাড়ায় আগুনে পুড়ে রীনা খাতুন (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে পুলিশ। এ জন্য গৃহবধূর স্বামী মিল্টনকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, শুক্রবার রাত ৯টার দিকে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রীনার মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ওসি বলেন, "ওই বাড়ির রান্নাঘরে গিয়ে গ্যাসের সিলিন্ডার অক্ষত অবস্থায় পাওয়া যায়। তাছাড়া ঘরে কেরোসিনের গন্ধও ছিল। পরে রান্না ঘরে কেরোসিনের জার এবং একটি লাইটার পাওয়া যায়।" এর পর মিল্টনকে গ্রেপ্তার করে পুলিশ। ওয়াজেদ আলী বলেন, "আমাদের ধারণা, রীনার গায়ে কেরোসিন ছিটিয়ে তাকে হত্যা করা হতে পারে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।" স্বামীর পরকীয়া প্রেম নিয়ে ওই দম্পতির মধ্যে ঝগড়া হতো বলে অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। পুলিশ জানায়, বিষয়টি আরও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪২৬ ঘ.