২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত

ময়মনসিংহ, সাতক্ষীরা, মাদারীপুর, হবিগঞ্জ, পটুয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 05:37 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ, সাতক্ষীরা, মাদারীপুর, হবিগঞ্জ, পটুয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাটে বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন। সাতক্ষীরা ও পটুয়াখালীতে বাসচাপায় দুই শিশু এবং হবিগঞ্জে মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসা শিক্ষক মারা যায়। চাঁপাইনবাবগঞ্জে নসিমনের ধাক্কায় এক বৃদ্ধা মারা যান। মাদারীপুরে পিকআপ চাপায় মারা গেছে এক যুবক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের হালুয়াঘাট উপজেলার দশারপাড় স্থানে শুত্র"বার রাতে বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- হোসনে আরা (৫০), সাদেকা ইসলাম (৩০), মামুন (১৫), রুখসানা বেগম (৩০), মাইদুল (২০)। তারা একই পরিবারের সদস্য। আহতদের মধ্যে গুরুতর সাত জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের হালুয়াঘাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ময়মনসিংহ থেকে হালুয়াঘাটগামী যাত্রীবাহী বাস ও হালুয়াঘাট থেকে ময়মনসিংহগামী টেম্পোর মধ্যে রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আক্তরুজ্জামান। সাতক্ষীরা প্রতিনিধি জানান, দুপুরে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের আলিপুর নাথপাড়া এলাকায় বাস বাসের চাপায় পূর্ণিমা (৬) নামে এক শিশু নিহত হয়। পূর্ণিমা আশাশুনি উপজেলার আন্দুলপোতা গ্রামের নারায়ণ সরকারের মেয়ে। সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস পূর্ণিমাকে চাপা দিয়ে চলে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বাসটি আটক করতে পারেনি। হবিগঞ্জ প্রতিনিধি জানান, বাহুবল উপজেলার মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শুক্রবার দুপুরে বাসের চাপায় মারা যান মাদ্রাসা শিক্ষক শামীম আহমেদ (৩৫)। মহাসড়ক পুলিশের শায়েস্তাগঞ্জ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মোফাজ্জল হোসেন জানান, শামীম মোটর সাইকেলে চড়ে যাচ্ছিলেন। মিরপুর এলাকায় মৌলভীবাজারগামী একটি বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে শামীম পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে সেখাইে মারা যান। শামীম শায়েস্তাগঞ্জ মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তার বাড়ি উপজেলার উবাহাটা গ্রামে। পুলিশ বাস ও এর চালককে আটক করেছে। মাদারীপুর প্রতিনিধি জানান, রাজৈর উপজেলার নরাকান্দি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছে। রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপের ধাক্কায় ওই যুবক মারা যায় বলে জানিয়েছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ইমরান। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মাঠানো হয়েছে। পুলিশ পিকআপটি আটক করতে পারেনি। পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালী-বরিশাল সড়কে তেলীখালী সেতুতে শুক্রবার দুপুরে কুলসুম বেগম (১১) নামে এক শিশু নিহত হয়েছে। পটুয়াখালীগামী একটি বাসের ধাক্কায় শিশুটি মারা যায় বলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান। তিনি বলেন, "বাসটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। বাসের ধাক্কায় কুলসুম সেতুর রেলিংয়ের ওপর ছিটকে পড়ে। রেলিংয়ের সঙ্গে মাথার ধাক্কা লেগে শিশুটি সঙ্গে সঙ্গেই মারা যায়।" পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারেনি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার বারোঘরিয়া বাজার এলাকায় মহানন্দা সেতুর কাছে বৃহস্পতিবার রাতে নসিমনের ধাক্কায় যশোধা রানী (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। যশোধা বারোঘরিয়া ইউনিয়নের কাহারপাড়া গ্রামের মৃত কৈলাস চন্দ্র দাসের স্ত্রী। নিহতের ছেলে বিভীষণ চন্দ্র দাস জানান, লক্ষ্মিপুর পূজামণ্ডপ থেকে ফেরার পথে তার মা দুর্ঘটনায় পড়েন। আহত যশোধাকে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/এমএইচবি/২৩৩১ ঘ.