ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিজিএফের চাল বিক্রির অভিযোগে শুক্রবার বান্দরবানের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গাইবান্ধায় কর্মসৃজন কর্মসূচির টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ইউপি সদস্যকে।
বান্দরবান প্রতিনিধি জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে ভিজিএফের চাল বিক্রির অভিযোগে ওই ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত বাকি দুজন হলেন- বাইশারী বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম ও ঈদগড়ের ওয়াহিদুর রহমান।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবাব আসলাম হাবিব জানান, বাইশারী ইউনিয়নের জন্য বরাদ্দ ভিজিএফ এর চাল থেকে চেয়ারম্যান ফারুক ৫৭ বস্তা চাল গোপনে বিক্রি করে দেন। বিষয়টি জানতে পেরে পুলিশ ও বিডিআর সদস্যরা বাইশারী বাজারের নুরুল ইসলামের দোকান থেকে ২৭ বস্তা এবং ঈদগড়ের ওয়াহিদুর রহমানের বাড়ি থেকে ৩০ বস্তা চাল উদ্ধার করে।
নুরুল ইসলাম ও ওয়াহিদুর রহমান পুলিশকে জানিয়েছেন, তারা এই চাল ইউপি চেয়ারম্যান ফারুক আহমদের কাছ থেকে কিনেছেন।
বাইশারী পুলিশ ফাঁড়ির কর্মকর্তা উপ পরিদর্শক নুরুন্নবী বলেন, পুলিশ ও বিডিআর ভিজিএফ এর মজুদ খাতা যাচাই করে ৫৭ বস্তা চাল কম দেখতে পায়। এরপর চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়।
এদিকে গাইবান্ধা প্রতিনিধি জানান, সাদুল্যাপুরে ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচির টাকা আত্মসাতের অভিযোগে খায়রুল আলম নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করে শুক্রবার কারাগারে পাঠিয়েছে পুলিশ।
খায়রুল আলম খোর্দকোমরপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার ঘোষ জানান, খায়রুল আলম তার ছেলে শাহ আলম ও সাদেকুল ইসলামকে ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে তালিকাভুক্ত করেন এবং তাদের ১৫ দিনের মজুরি বাবদ মোট ৩ হাজার টাকা আত্মসাৎ করেন।
পুলিশ কর্মকর্তা জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল আহসান বৃহস্পতিবার খোর্দকোমরপুর ইউনিয়ন পরিষদে ওই কর্মসূচির টাকা বিতরণ করতে গিয়ে এই দুর্নীতির খোঁজ পান। পরে তিনি থানায় অভিযোগ করলে খায়রুল আলমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২১২০ ঘ.
bdnews24