২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার ট্রেনের সময়সূচি বদলানোর প্রস্তাব দেবে বাংলাদেশ

আরও সুবিধাজনক ও আকর্ষণীয় যাত্রীসেবা দিতে ভারতকে ঢাকা-কলকাতা ট্রেন চলাচলের দিন পরিবর্তনের প্রস্তাব দেবে বাংলাদেশ। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 01:32 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরও সুবিধাজনক ও আকর্ষণীয় যাত্রীসেবা দিতে ভারতকে ঢাকা-কলকাতা ট্রেন চলাচলের দিন পরিবর্তনের প্রস্তাব দেবে বাংলাদেশ। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কথা বলেছেন। রেলওয়ের মহাপরিচালক মো. বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার উদ্দেশে কলকাতা থেকে ছেড়ে আসা ভারতীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার এবং ঢাকা থেকে কলকাতায় ফিরতি ট্রেন বুধবার চালানোর জন্য ভারতকে প্রস্তাব দেবে বাংলাদেশ। তবে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাংলাদেশের মৈত্রী এক্সপ্রেস ছাড়ার সময় বদলানোর কোনো প্রস্তাব দেয়া হবে না। তিনি বলেন, "এখনকার সময়সূচি অনুযায়ী মৈত্রী ট্রেনে ঢাকা বা কলকাতাগামী যাত্রীদের অন্তত এক সপ্তাহ অপেক্ষা করতে হয় ফিরতি ট্রেনের জন্য। এজন্য অধিকাংশ যাত্রী ট্রেনের পরিবর্তে বাসে ভ্রমণ করে থাকেন। ভারতীয় কর্তৃপক্ষ এ প্রস্তাবে রাজি হলে জানুয়ারি নাগাদ নতুন এ সময়সূচি বাস্তবায়ন করা সম্ভব হবে।" বাংলাদেশ আগামী নভেম্বরে অনুষ্ঠেয় আন্তঃসরকার রেল বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করবে বলে জানান তিনি। বাংলাদেশের মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে শনিবার ঢাকা থেকে কলকাতার পথে ছেড়ে যায় এবং রোববার কলকাতা থেকে ঢাকায় ফিরে আসে। ভারতীয় মৈত্রী এক্সপ্রেসও একই দিন কলকাতা থেকে ছেড়ে আসে এবং পরদিন ফিরে যায়। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেসনস্) কাজী আসাদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রস্তাবিত নতুন কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হলে মৈত্রী এক্সপ্রেস ট্রেন যাত্রীদের জন্য আরও আকর্ষণীয় ও সুবিধাজনক সেবা দিতে পারবে। ট্রেন ভ্রমণের সময়সীমা দুঘণ্টা কমিয়ে আনার ব্যাপারেও তিনি বলেন, "ভারতের পূর্বাঞ্চলীয় রেল কর্তৃপক্ষ কলকাতা রেল স্টেশনের নতুন প্লাটফরম নির্মাণ কাজ শেষ না করা পর্যন্ত ভ্রমণের সময় কমিয়ে আনা সম্ভব হবে না।" বর্তমানে ঢাকা-কলকাতা ও কলকাতা-ঢাকাগামী ট্রেনে গন্তব্যে পৌঁছাতে ১২ ঘণ্টা সময় লাগে। ১৯৬৫ সালের পর চলতি বছরের গত ১৪ এপ্রিল থেকে ঢাকা-কলকাতা ট্রেন চলাচল আবার শুরু হয়। তবে সীমান্তে কাস্টমস ও ইমিগ্রেশন ঝামেলার কারণে ছয় ঘণ্টা অপেক্ষার বিড়ম্বনা যাত্রীদের ট্রেনে চড়ার আকর্ষণ কমিয়ে দিয়েছে। রেলওয়ের পরিসংখ্যান অনুযায়ী ৪১৮ আসনের ট্রেনে গড়ে মাত্র একশ যাত্রী ভ্রমণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএইচবি/১৯১৮ ঘ.