২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় কোনো সমঝোতা ছাড়াই ফিরে গেলেন মং আই

মিয়ানমারের শীর্ষপর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে বাণিজ্য বৃদ্ধির একটি চুক্তি হলেও বহুল আলোচিত চুক্তিভিত্তিক চাষাবাদ বা পাইপ লাইনের মাধ্যমে গ্যাস আমদানির বিষয়ে কোনো সমঝোতা হয়নি। তিন দিনের সফর শেষে দেশটির ভাইস সিনিয়র জেনারেল মং আই বৃহস্পতিবার দেশের পথে রওনা হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 01:56 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের শীর্ষপর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে বাণিজ্য বৃদ্ধির একটি চুক্তি হলেও বহুল আলোচিত চুক্তিভিত্তিক চাষাবাদ বা পাইপ লাইনের মাধ্যমে গ্যাস আমদানির বিষয়ে কোনো সমঝোতা হয়নি। তিন দিনের সফর শেষে দেশটির ভাইস সিনিয়র জেনারেল মং আই বৃহস্পতিবার দেশের পথে রওনা হয়েছেন। সকালে তেজগাঁও হেলিপ্যাডে থেকে পার্বত্য জেলা রাঙামাটির উদ্দেশে রওনা হন জেনারেল মং আই। পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী তাকে বিদায় জানান। রাঙামাটি ও চট্টগ্রাম সফর শেষে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বাগান এয়ারের একটি ফ্লাইটে মিয়ানমারের উদ্দেশে বাংলাদেশ ছাড়ে ৫৫ সদস্যের প্রতিনিধি দলটি। সেনা প্রধান মইন উ আহমেদ চট্টগ্রাম বিমান বন্দরে তাদের বিদায় জানান। চুক্তিভিত্তিক চাষাবাদ বা পাইপ লাইনের মাধ্যমে গ্যাস আমদানির বিষয়ে কোনো সমঝোতা না হলেও পররাষ্ট্র উপদেষ্টা জেনারেল মং আইয়ের এই সফরকে দেখছেন দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, "এ সফরে মং আইয়ের সঙ্গে সাত মন্ত্রী, দেশটির নৌ ও বিমান বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও মিয়ানমারের ব্যবসায়ী নেতৃবৃন্দ বাংলাদেশে আসেন। আমরা তাদের নিয়ে সংশ্লিষ্ট বাংলাদেশী কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করেছি। আমার জানা মতে, এসব বৈঠক অত্যন্ত সফল হয়েছে।" ইফতেখার আহমদ বলেন, "মিয়ানমারকে সঙ্গে নিয়ে আমরা বেশ কিছু প্রকল্পের কথা ভাবছি। এর মধ্যে চীনকে যুক্ত করে মিয়ানমারের মধ্য দিয়ে বাংলাদেশ পর্যন্ত সড়ক যোগাযোগ, মিয়ানমার থেকে নিয়মিতভিত্তিতে চাল আমদানি, মিায়ানমারের জমিতে চুক্তিভিত্তিক চাষাবাদ, জ্বালানি খাতে সহযোগিতা এবং সমুদ্রসীমা নির্ধারণের মতো বিষয়গুলো রয়েছে। আমার ধারণা, এই সফরে প্রত্যেকটি ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে।" তিনি আরো বলেন "প্রতিবেশী দেশসগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়ন বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূল ভিত্তি। মিয়ানমারের বিষয়টিও এর অন্তর্ভুক্ত। কেন্দ্রীয় পর্যায়ে রাজনৈতিক সম্পর্ক জোরদার হলে সামগ্রিকভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের সব ক্ষেত্রে তার ইতিবাচক প্রভাব পড়ে। মিয়ানমারের ক্ষেত্রেও তাই ঘটছে।" দুই দেশের আন্তঃবাণিজ্য ১৪ কোটি ডলার থেকে ৫০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যে মিয়ানমারের প্রতিনিধিরা গত বুধবার বাংলাদেশ সরকারের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে সই করেন। বাংলাদেশে নিয়মিত ৫০ হাজার থেকে এক লাখ টন চাল রপ্তানির ব্যাপারেও রাজি হন তারা। তবে বাড়তি মজুদ না থাকায় বাংলাদেশের কাছে গ্যাস বিক্রি করতে রাজি হয়নি মিয়ানমার। চুক্তিভিত্তিক চাষাবাদের ব্যপারেও কোনো স্পষ্ট অগ্রগতির ইংগিত পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এমএইচবি/১৯৪৫ ঘ.