২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ন্যায্যমূল্যের দোকান পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারিভাবে পরিচালিত একটি ন্যায্যমূল্যের দোকান বুধবার রাতে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 10:47 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

দিনাজপুর, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারিভাবে পরিচালিত একটি ন্যায্যমূল্যের দোকান বুধবার রাতে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। দোকানের পরিচালক আব্দুস সালাম জানান, কিছুদিন ধরে ওই এলাকার মো. শামীম তার কাছে চাঁদা দাবি করে আসছিল। গত ৬ অক্টোবর সকালে আবারো চাঁদা চেয়ে না পেয়ে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। আব্দুস সালাম বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানালে নির্বাহী কর্মকর্তা বিষয়টি থানায় অবহিত করেন। এরপর বুধবার রাত সাড়ে ১২টার দিকে সন্ত্রাসীরা দোকানে আগুন লাগিয়ে দেয়। সালামের অভিযোগ, শামীমই এ ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান ঘটনাস্থল ঘুরে দেখেছেন। আব্দুস সালাম বলেন, "গত বছর রমজান মাসে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ন্যায্য মূল্যের দোকানটি চালু করা হয়। পরে এখান থেকে অপারেশন ডাল ভাত কর্মসূচিও পরিচালিত হয়। ওই কর্মসূচি বন্ধ হয়ে গেলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় দোকানটি চালু ছিল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৬৩৭ ঘ.