সাভার (ঢাকা), অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের একটি মেলামাইন কারখানায় বুধবার অভিযান চালিয়ে ৭৮২ বস্তা ইউরিয়া সার আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
জাতীয় গোয়েন্দা সংস্থা, র্যাব ও পুলিশের দল ওই অভিযান চালায়। কারখানা সংশ্লিষ্ট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কোয়ালিটি মেলামাইন ফ্যাক্টরি নামে সাভারের ঘোষবাগের ওই কারখানায় ইউরিয়াকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে মেলামাইন তৈরি হত বলে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে। সারের বস্তাগুলো আটক করা হয় তিন কিলোমিটার দূরে সাভারের জিরাব এলাকায় কারখানার গুদাম থেকে।
নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় সাংবাদিকরাও সঙ্গে ছিলেন।
অভিযানে অংশ নেওয়া র্যাব-১ এর কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট মোল্লা মো. তৌহিদুল হাসান সাংবাদিকদের বলেন, "কৃষকদের জন্য সরকার যে ইউরিয়া ভর্তুকি দিচ্ছে, তা অবৈধভাবে মেলামাইন তৈরিতে ব্যবহার করে এই কারখানা মালিকরা লাভবান হচ্ছিল।"
জাতীয় গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "গোপন সূত্রে আমরা জানতে পারি, ঘোষবাগের ওই কারখানায় ইউরিয়া সার ব্যবহার করে মেলামাইনের তৈজসপত্র বানানো হয়। এরপর থেকেই কারখানার ওপর নজরদারি চালাতে থাকি। মঙ্গলবার গভীর রাতে জিরাবর গুদাম থেকে কারখানায় এক ট্রাক আসে। এরপর বুধবার বিকালে গুদামে অভিযান চালিয়ে ট্রাক ভর্তি ৭৮২ বস্তা সার পাওয়া যায়।"
গুদাম থেকে চার জনকে গ্রেপ্তার করা হয়। এরা হলো- রবিউল (১৮), সেলিম (২০), আনোয়ার হোসেন (১৫) ও সুফিয়া রহমান (৩২)।
সুফিয়া বলেন, "গুদামে ট্রাকে করে সার আসার পর তারা সারের বস্তা বদলে দিতাম। পরে তা নিয়ে যাওয়া হত।"
পরে কারখানায় অভিযান চালিয়ে প্রডাকশন ম্যানেজার সাহাবুদ্দিন (৩৫) ও ট্রাকচালক শুকুর আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়। তবে কারখানার অন্য সবাই অভিযান টের পেয়ে পালিয়ে যায়।
শুকুর আলী জানায়, প্রত্যক রাতে গুদাম থেকে ১২০ বস্তা সার কারখানায় আনা হত।
কারখানা ভবনের প্রহরী আব্দুর রাজ্জাক জানান, ইউরিয়া সার কারখানায় আনার পর তা মেশিনের মাধ্যমে গুঁড়ো করা হত। পরে তা ব্যবহার করে মেলামাইনের বাটি, প্লেটসহ বিভিন্ন জিনিস তৈরি করা হত।
অভিযানে অংশ নেওয়া আশুলিয়া থানার উপ-পরিদর্শক দেওয়ান কৌশিক আহম্মেদ সাংবাদিকদের জানান, আটক সার ও ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।
গ্রেপ্তারকৃত ছয় জনসহ কারখানার মালিক হোসেন মাহমুদ এবং তার ভাই রাশেদ মাহমুদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১০ ঘ.
bdnews24