ঢাকা, অক্টোম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচলিত কোটা পদ্ধতিতে পুরোপুরি নির্ভুল ফলাফল তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সা'দত হুসাইন।
বুধবার পিএসসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "২৭তম বিসিএস পরীক্ষার ফল প্রস্তুত করতে গিয়ে আমরা দেখেছি, প্রচলিত কোটা পদ্ধতির কারণে শতভাগ নির্ভুল ফল তৈরি করা সম্ভব নয়। তাই কোটা পদ্ধতি আরও সরল করার জন্য কমিশন সরকারের কাছে জোরালো সুপারিশ করেছে।"
তারপরও ২৭তম বিসিএস পরীক্ষার ফল ৯৯ ভাগ শুদ্ধ হয়েছে দাবি করে চেয়ারম্যান বলেন, "হয়ত কোটা পদ্ধতির জটিলতার কারণে এক ভাগ ভুল থেকেও যেতে পারে।"
২৭তম বিসিএস পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ স্বাভাবিক মন্তব্য করে যাদের বয়স আছে তাদের ২৮তম বিসিএস এর জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান সা'দত হুসাইন।
তিনি বলেন, "আমরা জানতাম ফল যাদের মনঃপূত হবে না তারা ক্ষোভ প্রকাশ করবে। ফল প্রকাশের আগে কেউ কিছু বলেনি, ফল প্রকাশের পর কেউ কেউ ক্ষোভ দেখাচ্ছে। এটাকে স্বাভাবিক ভাবেই নিয়েছি।"
পিএসসি চেয়ারম্যান আরো বলেন, "ওরা ছোট মানুষ, ক্ষুব্ধ হতে পারেই। তবে আমি অনুরোধ করব, যাদের বয়স আছে তারা যেন ২৮তম বিসিএসের জন্য ভালো করে পড়ে।"
অনিয়মের অভিযোগে ২৭তম বিসিএস এ প্রথমবার নেওয়া মৌখিক পরীক্ষা বাতিল করে নতুন করে মৌখিক পরীক্ষা নেয় পিএসসি। গত ২৩ সেপ্টেম্বর ২৭তম বিসিএস পরীক্ষার দীর্ঘ প্রতীক্ষিত ফল প্রকাশিত হয়। এ পরীক্ষার মাধ্যমে ৩২৩৯ জনকে বিভিন্ন ক্যাডার সার্ভিসে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।
ফল প্রকাশের পর আগেরবার উত্তীর্ণ কিন্তু সর্বশেষ ফলাফলে বাদ পড়া পরীক্ষার্থীদের একটি অংশ সংবাদ সম্মেলন ও আন্দোলনের কর্মসূচি দিয়ে ক্ষোভ প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে পিএসসি বুধবারের সংবাদ সম্মেলনের আয়োজন করে।
মুক্তিযোদ্ধা সন্তানদের বাদ দেওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করে পিএসসি চেয়ারম্যান বলেন, "আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। তাছাড়া গতবারের চেয়ে এবার মুক্তিযোদ্ধাদের সন্তানরা পাসও করেছে বেশি।"
তিনি জানান, আগের ফলাফলে (বাতিলকৃত মৌখিক পরীক্ষা) মুক্তিযোদ্ধা সন্তান কোটায় পাস করেছিল ৩০৭ জন এবং চাকরির সুপারিশ করা হয়েছিল ২৩০ জনকে। আর এবার উত্তীর্ণ হয়েছে ৫২৬ জন এবং চাকরির জন্য সুপারিশ করা হয়েছে ৩৩১ জনকে।
সা'দত হুসাইন বলেন, "মৌখিক পরীক্ষায় খারাপ করার কারণে হয়তো কিছু মুক্তিযোদ্ধার সন্তান বাদ পড়েছে। তার জায়গায় ভাল করেছে এমন আরেক মুক্তিযোদ্ধার সন্তান জায়গা করে নিয়েছে। এক ভাই বাদ পড়ে আরেক ভাই এসেছে। তার মানে এই নয় যে মুক্তিযোদ্ধা সন্তানদের বাদ দেওয়া হয়েছে।"
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ২৭তম পরীক্ষার কমিটির চেয়ারম্যান ও পিএসসি সদস্য এ ওয়াই এম মোশাররফ হোসাইন বলেন, "পরীক্ষায় বিপুল সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হলেও শূন্য পদের সংখ্যা সীমিত থাকায় সবাইকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়নি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটাই স্বাভাবিক।"
২০০৫ সালের জুন মাসে ১৭৭৬টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়ে ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন দেয় সরকারি কর্ম কমিশন। এতে এক লাখ ৩৮ হাজার ৮৭৮ জন আবেদন করেন। সব পরীক্ষা শেষে ২০০৭ সালের ২১ জানুয়ারি ৩৫৬৬ জনকে মনোনীত করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
কিন্তু ওই বছর ফেব্র"য়ারি মাসে মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষা শুরুর কথা থাকলেও দলীয়করণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় সংস্থাপন মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে সরকার তা স্থগিত করে। এরপর ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফলাফল বাতিল করে পিএসসি।
মৌখিক পরীক্ষার ফল বাতিলের প্রস্তাব গত বছর ৩০ মে অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ২০০৭ এর ২৯ জুলাই থেকে নতুন মৌখিক পরীক্ষা শুরু হয়ে চলতি বছরের ১৮ মে শেষ হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬ হাজার ৪১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ১৬৫ জন দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষায় অংশ নেন।
কিন্তু ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল ও নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২০০৭ এর জুলাই মাসে দ্বিতীয়বার নেয়া মৌখিক পরীক্ষার ফল ঘোষণার ওপর স্থগিতাদেশ দেয়।
চলতি বছর ৩ জুলাই হাইকোর্ট এসব রিট খারিজ করে দিলে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হয়।
এদিকে বাদ পড়ায় আন্দোলনে নামা পরীক্ষার্থীদের পক্ষ থেকে মনির হোসেন নামে একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে তারা মানববন্ধন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিএইচ/জেকে
bdnews24