২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লে. জেনারেল জহিরুল লাইবেরিয়ায় শান্তিরক্ষার ফোর্স কমান্ডার

সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলম যুদ্ধ বিধ্বস্ত লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 06:44 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলম যুদ্ধ বিধ্বস্ত লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন । পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। একইসঙ্গে কুমিল্লার ৩৩ পদাতিক বাহিনীর এরিয়া কমান্ডার এবং জিওসি মেজর জেনারেল আনোয়ার হোসেনকে জর্জিয়ার জাতিসংঘ পর্যবেক্ষক মিশনের (ইউএনওএমআইজি) প্রধান সামরিক পর্যবেক্ষক (সিএমও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। উপদেষ্টা বলেন, "এ ধরণের নিয়োগে আমরা আনন্দিত। বাংলাদেশ যে অব্যাহতভাবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছে এটি তার স্বীকৃতিও বটে।" ফোর্স কমান্ডারের পদ পাওয়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ যাবৎকালের মধ্যে বাংলাদেশের জন্য সর্বোচ্চ অর্জন। মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয় "পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রদূত নিয়োগের জন্য প্রেষণে নিয়োজিত সেনাবাহিনী কর্মকর্তা আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলমের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যাস্ত করা হল। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।" জহিরুল আলম গত ২ জুন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপালন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/জিএনএ/১২৩১ ঘ.