২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত বগি সরিয়ে রেললাইন সচল

ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগ রেলস্টেশনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর রাত সাড়ে ১০টায় রেললাইনটি পুনরায় ট্রেন চলাচলের উপোযোগী করা তোলা সম্ভব হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 05:05 PM

Updated : 26 Apr 2022, 01:37 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগ রেলস্টেশনে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর রাত সাড়ে ১০টায় রেললাইনটি পুনরায় ট্রেন চলাচলের উপোযোগী করা তোলা সম্ভব হয়েছে। রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে লাইনটি সচল করে তোলার খবর নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সময় আত্মরক্ষার্থে লাফিয়ে পড়ায় অন্তত ১০ যাত্রী সামান্য আহত হয়েছেন। এদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৯টার আগে একটি রিলিফ ট্রেন কসবা স্টেশন থেকে দুর্ঘটনাস্থলে রওনা হয়েছে। এক ঘণ্টার মধ্যে উদ্ধার কাজ শেষে লাইন আবার ট্রেন চলাচলের উপযোগী হবে।" ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার সোয়েব জানান, এ সময়ের মধ্যে ট্রেন না থাকায় সমস্যা হচ্ছে না। তবে উদ্ধার কাজ বিলম্বিত হলে ট্রেন আটকা পড়তে পারে। মন্দবাগ স্টেশনের নিকটবর্তী কসবা রেলস্টেশনের কর্মী আতাউর রহমান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর মহানগর এক্সপ্রেস মন্দবাগ অতিক্রম করার সময় পেছনের দিকের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের যাত্রী আবদুল ওয়াহেদ ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রচন্ড শব্দে বগি লাইনচ্যুত হওয়ার সময় আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। এ সময় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে কারো আঘাত গুরুতর নয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/২৩০০ ঘ.