মুন্সীগঞ্জ, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় আমেনা বেগম (৪৬) নামে এক আসামিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার অচেতন অবস্থায় আমেনা বেগমকে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তবে ওসি কামরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেছেন, আসামি মামলার বাদিকে দেখে অচেতন হয়ে গিয়েছিলেন।
এ বিষয়ে শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিকভাবে জানা গেছে জিজ্ঞাসাবাদ করার সময় আসামি আমেনা বেগম অচেতন হয়ে পড়েছিলেন। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।"
আসামি পক্ষ থেকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেলে আরও তদন্ত করে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশ কর্মকর্তা ফারুকী জানান।
এ ব্যাপারে নির্যাতিতার মেয়ে নার্গিস আক্তার (২০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওসি কামরুল ইসলাম মাকে তার কক্ষে আটকে রেখে অমানুষিক নির্যাতন করেছেন। নির্যাতন সহ্য করতে না পেরে মা অচেতন হয়ে যান। আমরা এর বিচার চাই।"
ওসি কামরুল ইসলাম আসামি নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, "আমেনা বেগম নির্যাতনে অচেতন হননি। বাদিকে দেখেই তিনি অচেতন হয়ে পড়েন।"
তিনি জানান, মমতাজ বেগম নামে একজন সোমবার আমেনা বেগম ও পান্নু মুন্সীর বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এই মামলায় আমেনাকে শ্রীনগরের বাঘরা গ্রামের নিজ বাড়ি থেকে ওই দিন বিকেলে গ্রেপ্তার করা হয়।
পান্নু মুন্সী সাংবাদিকদের বলেন, "বাঘরা বাজার ইজারাদার হিসেবে ওসি তার কাছে চাঁদা দাবি করেন। এই চাঁদা না দেওয়ায় ওসি নানাভাবে তাকে হয়রানি করছেন।"
দৈনিক যুগান্তরের শ্রীনগর সংবাদদাতা আওলাদ হোসেন অভিযোগ করেন, সোমবার রাতে শ্রীনগর থানায় গিয়ে তিনি ওসির নির্যাতনের ঘটনা দেখে ফেলেন। এ বিষয়ে ওসির বক্তব্য জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে থানা থেকে বের করে দেন। ওসি তাকে থানায় ঢুকতে নিষেধ করে দেন।
এ ব্যাপারে ওসি কামরুল ইসলাম বলেন, "আসামির পক্ষে কথা বলায় এবং গোপনীয়তা (সিক্রেসি আউট করার) ফাঁস করার কারণে সাংবাদিক আওলাদকে থানায় আসতে নিষেধ করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২২৩ ঘ.
bdnews24