ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য চার মাস ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত থাকা লেফট্যানেন্ট জেনারেল আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলমকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।
সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব জহিরউদ্দিন বাবর স্বাক্ষরিত আদেশে বলা হয় "পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রদূত নিয়োগের জন্য প্রেষণে নিয়োজিত সেনাবাহিনী কর্মকর্তা আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলমের চাকরি সশস্ত্রবাহিনী বিভাগে ন্যস্ত করা হল। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।"
ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট পদ থেকে রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য গত ২ জুন লেফটেন্যান্ট জেনারেল জহিরুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। একই তারিখে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়। পরে জেনারেল মাসুদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে তাকে অস্ট্রেলিয়ায় হাইকমিশনার নিযুক্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএ/এমএআর/এমএইচবি/১৯০৭ ঘ.
bdnews24