২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ মাসে সাগরে দু'একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে

চলতি মাসে বঙ্গোপসাগরে দু'একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটির ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চলতি মাসে বঙ্গোপসাগরে দু'একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটির ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে। সোমবার আবহাওয়া অধিদপ্তরের চলতি মাসের জন্য দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি মাসে বঙ্গোপসাগরে দু' একটি নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হয়েছে। এটা স্বাভাবিক। অক্টোবর-নভেম্বর মাসে সাধারণত বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়। এছাড়া মার্চ-এপ্রিল-মে মাসেও নিম্নচাপ হয়ে থাকে। তিনি বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায়ের পথে আছে, এটি দুর্বল হয়ে পড়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই মৌসুমি বায়ু প্রবাহ বিদায় নিবে। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেশের ওপর দিয়ে প্রবাহমান দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহ সরে যাবে। সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। নদ-নদীর পানির প্রবাহ স্বাভাবিক থাকবে। এতে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। ঢাকা, সিলেট ও রাজশাহী বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হলেও খুলনা বিভাগে বেশি বৃষ্টি হয়েছে। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক পরিমাণে বৃষ্টি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/২১২৩ ঘ.