ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশান থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে র্যাব।
ওই চিকিৎসকের নাম সৈয়দ সাকিবুল আহসান। তিনি এমবিবিএস পাস করে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি করছেন।
সাকিবুলের সঙ্গে তার বন্ধু সালাম রাজনকেও গ্রেপ্তার করা হয়। তিনি তিতুমীর কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী।
রোববার রাতে গ্রেপ্তারের পর র্যাব তাদের পুলিশে তুলে দেয়। তাদের কাছে মোট ১৪৪০টি ট্যাবলেট পাওয়া যায়।
গুলশান থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার রাত ৮টার দিকে সাকিবুল ও রাজনকে গুলশানে গ্রামীণফোনের প্রধান কার্যালয় থেকে গ্রেপ্তার করে র্যাব। দুই জনের দেহ তল্লাশি করে ৪০টি করে ৮০টি ইয়াবা পাওয়া যায়। তারা ইয়াবা বিক্রি করতে সেখানে গিয়েছিল।"
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বনানীতে রাজনের ভাড়া বাসা থেকে আরও ১৩৬০টি ইয়াবা ট্যাবলেট এবং প্রায় আড়াই লাখ টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন জানান।
এ বিষয়ে গুলশান থানায় একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৯০০ ঘ.
bdnews24