২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকসহ ৭৫ জনের জামিনের মেয়াদ বাড়লো

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ ৭৫ জনের জামিনের মেয়াদ চার মাস বাড়িয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 12:08 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ ৭৫ জনের জামিনের মেয়াদ চার মাস বাড়িয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও বিচারপতি শেখ আবদুল আওয়ালের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন। এদিকে বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, সাবেক প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু, যুবলীগের সাধারণ সম্পাদক মীর্জা আজম, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ওয়ার্ড কমিশনার আবদুল কাইয়ুম ও ব্যবসায়ী গিরিধারী লাল মোদীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। বিচারপতি জয়নুল আবেদীনের অবকাশকালীন চেম্বার জজ আদালত মির্জা আব্বাসকে অবৈধ সম্পদ অর্জনের মামলা এবং ১৮টি বাড়ি ও প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন। ছাপাখানা স্থাপনসংক্রান্ত দুর্নীতি মামলায় মহিউদ্দিন খান আলমগীর, ত্রাণের ঢেউটিন আত্মসাৎ মামলায় মোসাদ্দেক আলী ফালু এবং অবৈধ সম্পদ অর্জন মামলায় মীর্জা আজম ও আবদুল কাইয়ুমের জামিনও বহাল রেখেছে একই আদালত। এছাড়া চারটি চাঁদাবাজি মামলায় গিয়াস উদ্দিন আল মামুন এবং অবৈধ সম্পদ অর্জন ও মুদ্রা পাচার সংক্রান্ত দুটি মামলায় গিরিধারী লাল মোদীকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএআর/জেকে/এমএইচবি/১৭৫৯ ঘ.