পঞ্চগড়, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়ায় সোমবার দুপুরে ইজারা দেওয়া সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে সংষর্ঘে তিন পুলিশসহ ১০ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং ঘটনাস্থলে দাঙ্গা পুলিশ পাঠানো হয়।
পুলিশ জানায়, পোল্ট্রি প্রতিষ্ঠান কাজী ফার্মসকে ইজারা দেওয়া ১১ দশমিক ১০ একর সরকারি খাস জমি দখল নিতে স্থানীয় কিছু লোক ট্রাক্টর দিয়ে ওই জমিতে চাষ দেয়। ফার্ম কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ গিয়ে তাদের বাধা দেয়। এ সময় অর্ধশতাধিক লোক পুলিশের ওপর এলোপাথাড়ি ইট-পাটকেল নিক্ষেপ করে।
এতে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে তেতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহারুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক ও কনস্টেবল হাবিব আহত হন। যারা জমি দখল করতে এসেছিলেন তাদের মধ্যে সাতজন আহত হয়েছেন।
এএসআই আতিক ও কনস্টেবল হাবিবকে প্রথমে তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ওসি তাহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড কাঁদানে গ্যস নিক্ষেপ করা হয়।"
কাজী ফার্মসের পঞ্চগড় অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, বৈধভাবে ৯৯ বছরের জন্য এ জমি ইজারা নেওয়া হয়েছে। কিন্তু এলাকার কিছু 'সন্ত্রাসী' কোন কাগজপত্র ছাড়াই জমি ইজারা নিয়েছেন বলে দাবি করছেন।
তিনি জানান, শুক্রবার তারা ওই জমিতে ঘরও তুলেছে। আজ (সোমবার) জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে এসেছিল। ঘর তোলার ঘটনায় শুক্রবার প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭০/৮০ জনকে আসামি করে তেঁতুলিয়া থানায় মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৭ ঘ.
bdnews24