২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবু বাজারে চালের দোকানের সিন্দুক লুট

রাজধানীর বাবু বাজারে শনিবার রাতে একটি চালের দোকানের সিন্দুক লুট হয়েছে। দোকান মালিক জানিয়েছেন, সিন্দুকে দুই হাজার দুইশ টাকা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, ০৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাবু বাজারে শনিবার রাতে একটি চালের দোকানের সিন্দুক লুট হয়েছে। দোকান মালিক জানিয়েছেন, সিন্দুকে দুই হাজার দুইশ টাকা ছিল। কোতয়ালী থানার উপপরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৩টার দিকে একটি মাইক্রোবাসে চড়ে আসা কয়েকজন সন্ত্রাসী মেসার্স বাবু বাজার রাইস এজেন্সি নামের ওই চালের দোকানের দরজা ভেঙে ঢুকে কর্মচারী স্বপন ও হালিমকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। এরপর দোকানের লোহার সিন্দুকটি নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। দোকানের মালিক মোফাজ্জল হোসেন জানান, সিন্দুকে দুই হাজার দুইশ টাকা ছিল। এ কারণে কোনো মামলা না করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। অবশ্য উপপরিদর্শক মোজাম্মেল হক বলছেন, টাকার পরিমাণ কম হলেও পুলিশ যথারীতি তদন্ত চালিয়ে যাবে। গত বৃহস্পতিবার ঈদের রাতে উত্তর যাত্রবাড়ির মেঘনা রাইস এজেন্সি নামে আরেকটি চালের দোকানের সিন্দুক লুট হয়। ওই সিন্দুকে ৪ লাখ টাকা ও দুটি সোনার চেন ছিল। শুক্রবার দক্ষিণ যাত্রাবাড়ি থেকে পরিত্যক্ত ও ভাঙা অবস্থায় সিন্দুকটি পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএইচবি/২১২৫ ঘ.