যশোর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের চৌগাছা উপজেলার সলুয়া বাজার এলাকায় রোববার বিকেলে যাত্রীবাহী একটি বাসের ভেতর ইসহাক আলী (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ইসহাক আলী যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের জুখী গাজীর ছেলে।
বাসের যাত্রী ও স্থানীয় লোকজন হত্যাকারী পিকুল আহম্মেদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তিনি সদর উপজেলার চুড়ামনকাঠি গ্রামের খোকনের ছেলে।
চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) খলিল জানান, বাসের মধ্যে সিটে বসাকে কেন্দ্র করে ইসহাক ও পিকুলের মধ্যে বাগবিতণ্ডা হয়। বাসটি সলুয়া বাজার এলাকায় পৌঁছানোর পর ইসহাককে বেদম মারপিট করে পিকুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে এসআই খলিল জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৮ ঘ.
bdnews24