ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরায় দু'টি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে মারা গেছেন একজন। পাবনা সদর উপজেলায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন।
আমাদের মাগুরা প্রতিনিধি জানান, নছিমন ( শ্যালো ইঞ্জিন চালিত যান) চাপায় নিহত শান্তিরামের (৬০) বাড়ি সদর উপজেলার খর্দ্দকছুন্দী গ্রামে।
সদর থানার উপ-পরিদর্শক খায়রুল আলম জানান, শনিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর এলাকায় শান্তিরামকে চাপা দেয় নছিমন। গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে রোববার ভোরে তিনি মারা যান।
তিনি জানান, রোববার সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের ছোট ব্রিজ এলাকায় অপর দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ ৩০ জন আহত হয়েছেন।
আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের ব্রাদার বিমল বাড়ই ও দুর্ঘটনায় আহত ফয়জুর রহমান জানান, ঝিনাইদহ থেকে মাগুরাগামী একটি বাস বিপরীতমুখী আরেকটি বাসকে সাইড দিতে গেলে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় মহিলা ও শিশুসহ ওই বাসের ৩০ জন আহত হন।
ফরিদপুর প্রতিনিধি জানান, শনিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে হাসান (২০) নামের এক ট্রাক হেলপার মারা গেছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক এনাম জানান, রাত দেড়টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী খানজাহান পরিবহনের একটি যাত্রীবাহী বাস মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এসে একটি দাঁড়ানো গরুবাহী ট্রাককে সামনাসামনি ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
বাস চালক পতালক। বাস ও ট্রাক আটক করা হয়েছে।
পাবনা প্রতিনিধি জানান, রোববার দুপুরে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে সদর উপজেলার টেবুনিয়া মজিদপুরে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার রূপপুর গ্রামের সুলতান মাহমুদের ছেলে নয়ন (৩৩) এবং মনোহরপুর গ্রামের জামশেদ মোল্লার ছেলে জিয়াউর রহমান (২৮)।
আহত অপর মোটরসাইকেল আরোহী শামসুদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল শফি জানান, বেলা ১২টার দিকে পাবনার টেবুনিয়া থেকে মোটরসাইলেযোগে তিন যুবক ঈশ্বরদী যাচ্ছিলেন। টেবুনিয়া মজিদপুর মসজিদের কাছে এলে পেছন থেকে ঈশ্বরদীগামী একটি বাস তাদের চাপা দেয়।
আহত তিনজনকে পাবনা জেনারেলে হাসপাতালে ভর্তি করার পর নয়ন ও জিয়া মারা যান। শামসুদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে পাবনা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১৯ ঘ.
bdnews24