২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসন আইনের প্রভাব পর্যবেক্ষণে ব্রিটিশ প্রতিনিধি দল আসছে

যুক্তরাজ্যের হোম অ্যাফেয়ার্স কমিটির একটি প্রতিনিধি দল সোমবার ঢাকায় আসছে। বাংলাদেশে চার দিন অবস্থানকালে ওই দলটি যুক্তরাজ্যে অভিবাসনের ক্ষেত্রে নতুন প্রবর্তিত পয়েন্ট বেজড সিস্টেমের (পিবিএস) প্রভাব পর্যবেক্ষণ করার জন্য ঢাকা ও সিলেট সফর করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2008, 12:39 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের হোম অ্যাফেয়ার্স কমিটির একটি প্রতিনিধি দল সোমবার ঢাকায় আসছে। বাংলাদেশে চার দিন অবস্থানকালে ওই দলটি যুক্তরাজ্যে অভিবাসনের ক্ষেত্রে নতুন প্রবর্তিত পয়েন্ট বেজড সিস্টেমের (পিবিএস) প্রভাব পর্যবেক্ষণ করার জন্য ঢাকা ও সিলেট সফর করবেন। রোববার যুক্তরাজ্য দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন কমিটির চেয়ারম্যান ও সাংসদ কিথ ভাজ। পিবিএস চালুর পর ২০০৬ সাল থেকেই স্বল্প দক্ষ শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় যুক্তরাজ্য। পিবিএস অনুযায়ী 'স্বল্প দক্ষ' শ্রমিকরা দেশটির অভিবাসী হতে পারবে না। তাছাড়া তাদের ইংরেজিও জানতে হবে। তবে প্রবাসী বাংলাদেশীরা নতুন এই ব্যবস্থা শিথিল করার আহ্বান জানিয়ে আসছে। এর কারণ, যুক্তরাজ্যের রেস্তোরাঁ শিল্পের শতকরা ৯০ ভাগই নিয়ন্ত্রণ করে প্রবাসী বাংলাদেশীরা। আর তারা অনেক বাংলাদেশীকেই সেখানে কাজের জন্য নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বাংলাদেশী শ্রমিকরা ইংরেজি কম জানেন বলে নতুন ব্যবস্থায় তাদের নেওয়াটা কঠিন হয়ে পড়ে। বাংলাদেশী রেস্তোরাঁ মালিকরা আশঙ্কা করছেন, পিবিএস শিথিল না করলে যুক্তরাজ্যের রেস্তোরাঁ শিল্পই ভেঙে পড়বে। তবে গত ১০ সেপ্টেম্বর যুক্তরাজ্য সরকার সে দেশের রেস্তোরাঁ শিল্পকে 'স্বল্প জনশক্তি বিশিষ্ট পেশা' হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দেয়। এ ক্ষেত্রে বাংলাদেশীদের জন্য পিবিএস শিথিল করার ইঙ্গিত মেলে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে কিথ ভাজকে উদ্ধৃত করে বলা হয়, "আমরা নতুন পয়েন্ট বেজড সিস্টেমের মাধ্যমে অভিবাসনের জন্য বর্তমান নিয়মনীতিগুলো সহজ করার পরিকল্পনা পরীক্ষা করে দেখতে চাই।" বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিনিধি দলটি ভিসা ব্যবস্থার মূল গ্রাহক ও ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করবেন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও দেখা করবেন তারা। একই উদ্দেশ্যে এই প্রতিনিধি দলটি ভারতও সফর করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এমআই/১৮৩৩ ঘ.