ঢাকা, ০৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ বিভাগের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক থেকে পুলিশ সুপার পর্যায়ের ১০ কর্মকর্তা পদে রদবদল আনা হয়েছে। এদের মধ্যে রয়েছেন দুই জন অতিরিক্ত উপ মহাপরিদর্শক (ডিআইজি), সাত জন পুলিশ সুপার এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তা।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘ মিশন থেকে ফিরে আসা রাজশাহী মহানগর পুলিশের প্রাক্তন অতিরিক্ত কমিশনার (বর্তমানে পুলিশ সদর দপ্তরে যোগদনকৃত) মোহাম্মদ আবুল কাশেমকে সিলেট রেঞ্জের ডিআইজি এবং সিআইডির ঢাকা ট্রেনিং স্কুলের প্রাক্তন কমান্ডেন্ট (বর্তমানে পুলিশ সদর দপ্তরে যোগদানকৃত) ডা. আব্দুর রহিমকে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতিসংঘ মিশন থেকে ফিরে আসা পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মতিউর রহমান শেখকে কক্সবাজার এবং সুনামগঞ্জের প্রাক্তন পুলিশ সুপার সিদ্দিকী তানজিলুর রহমানকে বরগুনার পুলিশ সুপার করা হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার বনজ কুমার মজুমদারকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া ঢাকা অষ্টম আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রেজাউল করিম মল্লিককে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক, রাঙামাটি বারবুনিয়ার পঞ্চম আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মঞ্জুর মোর্শেদ আলমকে ঢাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএস), চট্রগ্রাম মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাঙামাটি বারবুনিয়ার পঞ্চম আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহরিয়ারকে বগুড়ার হাইওয়ে পুলিশের (পশ্চিম) পুলিশ সুপারের (চলতি) দায়িত্ব দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এলএইচ/এএল/এমএইচবি/১৭৩২ ঘ.
bdnews24