২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ ১০জন আহত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া বাজারে শনিবার বিকেলে দুপক্ষের সংঘর্ষে পুলিশের উপ-পরিদর্শক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

সাতক্ষীরা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া বাজারে শনিবার বিকেলে দুপক্ষের সংঘর্ষে পুলিশের উপ-পরিদর্শক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১০ জন আহত হয়েছেন। পুলিশের উপস্থিতিতে চেয়ারম্যান ও ভূমিহীনদের প্রতিনিধিদের সঙ্গে একটি সমঝোতা বৈঠকে কুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্যের লোকজন হামলা চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হামলার অভিযোগে ইউপি সদস্য আব্দুল হান্নানকে তার এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে সহযোগীর নাম জানা যায়নি। মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেজন্য কুলিয়া বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন- কুলিয়া ইউপি চেয়াম্যান আসাদুল হক, তার তিন ভাই শাহীন, শামীম ও শাহাদত, দেবহাটা থানার উপ-পরিদর্শক কামরুল এবং ইউপি সদস্য আব্দুল হান্নান। এদের মধ্যে আসাদুল হককে সাতক্ষীরা সদর হাসপাতালে এবং অন্যদের স্থানীয় সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হাকিম জানান, সরকারি সম্পত্তি ইজারা দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে ইউপি সদস্য আব্দুল হান্নান স্থানীয় ভূমিহীনদের কাছ থেকে ৪৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ভূমিহীনদের পক্ষে বালিথা গ্রামের কার্তিক চন্দ্র আদালতে একটি চাঁদাবাজি মামলা করেন। মামলা তদন্তের দায়িত্ব পান তিনি (ওসি)। ওসি জানান, শনিবার দুপুরে কুলিয়া বাজারে ইউপি সদস্য হান্নানের দোকানে উভয়পক্ষের মধ্যে সমঝোতা বৈঠকের আয়োজন করেন তিনি। একপক্ষে ছিলেন হান্নান এবং অপরপক্ষে ছিলেন চেয়ারম্যান আসাদুল ও ভূমিহীনদের কয়েকজন। বৈঠকে দু'পক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে হান্নানের লোকজন আসাদুলের লোকজনের ওপর হামলা করে। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আব্দুল হান্নান, আসাদুল হক, তার তিন ভাই শাহীন, শামীম ও শাহাদত এবং পুলিশের উপ-পরিদর্শক কামরুল আহত হন। ওসি লোকমান হাকিম জানান, এ ঘটনায় হান্নানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৪ ঘ.