২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও সিরাজগঞ্জে 'দুর্ঘটনায়' দুজন নিহত

চট্টগ্রাম নগরীতে শুক্রবার দুপুরে ছাদ থেকে পড়ে এক গৃহকর্মী মেয়ে মারা গেছে। সিরাজগঞ্জের তারাশে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2008, 02:25 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে শুক্রবার দুপুরে ছাদ থেকে পড়ে এক গৃহকর্মী মেয়ে মারা গেছে। সিরাজগঞ্জের তারাশে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন একজন। আমাদের চট্টগ্রাম অফিস জানায়, নগরীর খুলশী আবাসিক এলাকায় শুক্রবার দুপুরে ছাদ থেকে পড়ে রেশমী আক্তার (১২) মারা যায়। সে ওই এলাকায় দিদারুল আলম নামের এক ব্যবসায়ীর বাসায় কাজ করত। পরিবারের লোকজনের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জামাল উদ্দিন বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাপড় শুকোতে দিতে গিয়ে দুপুর বারটার দিকে ছাদ থেকে পড়ে রেশমী গুরুতর আহত হয়। চমেক হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাপড় শুকোতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে নাকি অন্য কোনো কারণে রেশমীর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।" এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, তারাশ উপজেলা সদরে শুক্রবার দুপুরে বিদ্যুতের তারে জড়িয়ে মিঠুন দত্ত (২০) নামে একজন মারা গেছেন। মিঠুন তারাশ উপজেলা সদরের ভবানী দত্তের ছেলে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তারাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেসুর রহমান জানান, দুপুরে পুকুরে সাঁতার কাটার সময় পানিতে ডুবে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মিঠুন সেখানেই মারা যান। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/ডিডি/এমএইচবি/২০১৫ ঘ.