নরসিংদী, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রায়পুর উপজেলার দক্ষিণ মির্জানগর গ্রামে প্রতিবেশীর হামলায় সুজাত আলী (৩৫) নামে একজন নিহত এবং তার ভাই লিয়াকত আলী আহত হয়েছেন।
শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। লিয়াকত আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রায়পুর থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার সকালে মির্জানগর ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামের লিয়াকত আলীর মেয়ে রূপালী (৭) পাশের ডোবায় বরশি দিয়ে মাছ ধরতে গেলে ডোবার মালিক হারিছ মিয়া বাধা দেন। এ নিয়ে লিয়াকত আলী ও হারিছ মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। ওইদিন সন্ধ্যায় বাড়ির লোকজন বিষয়টি মীমাংসার জন্য বসলে আবার দু'পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে হারিছ মিয়ার লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা করলে সুজাত আলী ও লিয়াকত আলী আহত হন।
সুজাত আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে শুক্রবার ভোরে তিনি মারা যান।
এ ব্যাপারে রায়পুর থানায় একটি মামলা হয়েছে। কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/১৭০৩ ঘ.
bdnews24