মাহবুব আলম রনী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরবাসীর ঈদ বিনোদনে বিশেষ সাজে সেজেছে ঢাকা চিড়িয়াখানাও। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ, অনেক জায়গায় লেগেলে নতুন রঙ। ঈদের জন্য বাড়তি নিরাপত্তাও থাকছে। ঈদের নামাজের পরপরই চিড়িয়াখানার প্রধান ফটক খুলে দেয়া হবে দর্শনার্থীদের জন্য।
মঙ্গলবার ঢাকা চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, নতুন অতিথি জিরাফ, জেব্রা ও ক্যাঙ্গারুর খাঁচার সামনে বেশ ভিড়। কয়েক মাস আগে বিদেশ থেকে ৫টি জিরাফ, ৩টি জেব্রা, ৪টি ক্যাঙ্গারু, ৩টি ইম্পালা, ৪টি ওয়াইল্ড বিস্ট ও ৪টি কুডু আনা হয়। এর মধ্যে দুটি কুডু মারা যায়।
চিড়িয়াখানার কর্মকর্তারা জানান, ঈদে ৪০-৫০ হাজার মানুষ বেড়াতে আসেন। দর্শকরা যাতে অহেতুক দুর্ভোগের শিকার না হন সেটা বিবেচনায় রেখে এবার সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা রাখা হচ্ছে। অতিরিক্ত মানুষের সমাগমে প্রাণীরা ভয় পেয়ে ও উত্তেজিত হয়ে যাতে কোনো অঘটন না ঘটায় সেজন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
চিড়িয়াখানার কিউরেটর আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নগরবাসীর ঈদ বিনোদনের জন্য ঢাকা চিড়িয়াখানা পুরো প্রস্তুত। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য নিজস্ব আনসার বাহিনী ছাড়াও পুলিশ ও র্যাব মোতায়েন থাকবে।"
কিউরেটর জানান, কিছুদিন আগে চিড়িয়াখানায় এক বাঘিনীর বাচ্চা হলেও এবার ঈদে দর্শনার্থীরা তার দেখা পাবেন না। এ জন্য আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।
তিনি বলেন, "বাঘের শাবকদের নিরাপত্তা ও স্বাস্থ্যগত দিক বিবেচনা করে এখনই তাদের খাঁচায় আনা হবে না।"
ঢাকা চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা এক হাজার ৫৮৪। এর মধ্যে মাংশাসী প্রাণী ৫৪টি, তৃণভোজী ২১৫টি আর ক্ষুদ্র, স্তন্যপায়ী ও সরিসৃপ রয়েছে ১২৮টি। আরো আছে এক হাজার ১৮৭টি পাখি।
চিড়িয়াখানায় গিয়ে দর্শনার্থীরা ঘোড়া ও হাতির পিঠে চড়তে পারবেন। হাতির পিঠে চড়তে ৫ টাকার টিকেট কাটতে হবে, আর ঘোড়ার পিঠে ৩ টাকার।
এছাড়া চিড়িয়াখানায় প্রবেশের টিকেট জনপ্রতি ১০টাকা। দুই বছরের কম বয়সী শিশুদের টিকেট লাগে না। চিড়িয়াখানার প্রাণী জাদুঘরে ঢুকতে চাইলে খরচ হবে আরো দু'টাকা।
১৯৬১ সালে ঢাকার মিরপুরে ১৮৬ দশমিক ৬৩ একর জামির ওপর ঢাকা চিড়িয়াখানা প্রতিষ্ঠা করা হয়। দর্শকদের জন্য এটি খুলে দেওয়া হয় ১৯৭৪ সালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/টিএইচ/জেকে/২০০০ ঘ.
bdnews24