কক্সবাজার, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কালুরঘাট সেতুর কাছে বুধবার ভোরে সোহাগ পরিবহনের কক্সবাজারগামী একটি বাসে ডাকাতি হয়েছে। বাসের চালক, হেলপার ও গাইডের সহযোগিতায় ডাকাতি হয়েছে এই অভিযোগে তাদের পুলিশে দিয়েছে যাত্রীরা। ডাকাতরা ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলেও দাবি করেছেন তারা।
যাত্রীদের বরাত দিয়ে কক্সবাজার থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, ভোর সাড়ে ৪টার দিকে কালুরঘাট সেতু পার হয়ে কিছুদূর যাওয়ার পর ডাকাতের কবলে পড়ে।
তিনি বলেন, "কালুরঘাট ব্রীজ পার হয়ে কিছুদূর আসার পর বাসের চালক মো. আসলাম প্রস্রাব করার জন্য গাড়ি থামিয়ে নেমে পড়েন। এ সময় গাইড ও হেলপারও নেমে গেলে ১৫/১৬ জনের একদল সশস্ত্র ডাকাত গাড়িতে উঠে যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। লুটপাট শেষ হওয়ার পর চালক ফিরে এসে বাসটি কক্সবাজারে নিয়ে আসেন।"
এ ঘটনায় বাসটির যাত্রী অবসরপ্রাপ্ত মেজর খাইরুল বাশার কক্সবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এতে বলা হয়, ডাকাতরা খাইরুল বাশার ও তার পরিবারের সদস্যদের কাছ নগদ টাকাসহ দুই লাখ টাকার বেশি মালামাল লুট করেছে। এছাড়া বাসের অন্য যাত্রীদের কাছ থেকে ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল লুট করা হয়ে থাকতে পারে।
উপ-পরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের চাঁন্দগাও থানা এলাকায়। তাই মামলাটি হবে চাঁন্দগাও থানায়। তবে চালক মোহাম্মদ আসলাম (৩৮), হেলপার মোহাম্মদ আনোয়ার ও গাইড বাবুল আকতারকে কক্সবাজার সদর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এ ব্যাপারে সোহাগ পরিবহনের কক্সবাজার কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বলেন, "একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা তো ঘটনাস্থলে ছিলাম না। পুলিশ তদন্ত করবে। পুলিশি তদন্তে বাসের চালক, হেলপার ও গাইড দোষী হলে শাস্তি পাবে, নয়তো মুক্তি পাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/১৯৪৮ ঘ.
bdnews24