ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এক মাস সিয়াম সাধনা শেষে বৃহস্পতিবার সকালে সারাদেশের মুসলমানরা ঈদের নামাজ পড়ে ঈদ পালন করছেন। দেশের মুসলমানরা এবার ৩০ রোজা পালন করেন।
রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ নুরউদ্দিন। ঈদের জামাতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, উপদেষ্টাবৃন্দ, সরকারি ও সামরিক বাহিনীর উর্ধবতন কর্মকর্তা, রাজনীতিবিদও বুদ্ধিজীবী ছাড়াও সমাজে সর্বস্তরের মানুষজন অংশ নেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়।
ঈদ আরবী শব্দ যার অর্থ হচ্ছে উৎসব, আনন্দ, খুশি। ফেতরা দেওয়া হয় বলে এ ঈদের নাম ঈদুল ফিতর। ইসলাম র্র্ধমবিশ্বাস অনুযায়ী ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে সংযম চর্চা এবং খোদার রহমত ও মুক্তিলাভের মাস রমজানের অবসানে পরদিন ছোট-বড়, ধনী-গরীব নির্বিশেষে সব মুসলমান এক কাতারে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে জোরদার হয় সৌভ্রাতৃত্ব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১০৫০ঘ.
bdnews24