২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত: টিআই-বি চেয়ারম্যান

মোবাইল ফোন অপারেটররা বেআইনি ভিওআইপি ব্যবহার করে দুর্নীতি করেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 05:54 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মোবাইল ফোন অপারেটররা বেআইনি ভিওআইপি ব্যবহার করে দুর্নীতি করেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেছেন। দেশের কয়েকটি মোবাইল ফোন অপারেটরের অবৈধ ভিওআইপি ব্যবহার ও ইন্টরন্যাশনাল কল টার্মিনেশনে যুক্ত থাকা দুর্নীতি কি না- প্রশ্ন করা হলে মোজাফফর আহমদ বলেন, "নিশ্চয় দুর্নীতি হয়েছে। অনুমতি না নিয়ে আইনভঙ্গ করেছে। এর পিছনে নিশ্চয় কোনও খুঁটি ছিল। সে খুঁটিকে ব্যবহার করেছে। এদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতে হবে।" গ্রামীণফোনকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) কারণ দর্শানো নোটিশ প্রদান প্রসঙ্গে তিনি বলেন, শুধু গ্রামীণফোনকে এককভাবে দেখলে চলবে না। যারা দুর্নীতি করেছে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। টিআইবির চেয়ারম্যান বলেন, "বেসরকারি খাতে দুর্নীতি হচ্ছে। বেসরকারি খাতে দুর্নীতির কারণে সরকারের রাজস্বের ক্ষতি হচ্ছে। ব্যবসায়ীরা দুর্নীতি করে, এনজিওরা করে। এনজিওদের নিয়ে অনুসন্ধানী রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়েছে।" বিটিআরসি এ পর্যন্ত অবৈধ ভিওআইপি শনাক্ত করতে ২১টি অভিযান পরিচালনা করেছে। গ্রামীণফোন, সিটিসেল, একটেল ও বাংলালিংককে অবৈধ ভিওআইপি পরিচালনার অপরাধে জরিমানা করেছে। গ্রামীণফোনকে ১৬৮কোটি, সিটিসেলকে ১৫০ কোটি, একটেলকে ১৪৫ কোটি এবং বাংলালিংককে ১২৫ কোটি টাকা জরিমানা করেছে বিটিআরসি। বৃহস্পতিবার ছয় বছর পূর্ণ করেছে বিটিআরসি। কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিটিআরসি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এ প্রতিষ্ঠানের জনবল, প্রযুক্তিগত সুবিধা ও কারিগরি জ্ঞান বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএইচবি/২৩৪৭ ঘ.