ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমধ্যসাগরের তলদেশে সাবমেরিন কেবল্ কাটা পড়ার কারণে ইন্টারনেটের গতি ধীর হয়ে যাওয়ায় বৃহস্পতিবারও সমস্যায় পড়েছেন বাংলাদেশের ব্যবহারকারীরা।
কেবল্টি চালু হতে কতদিন লাগতে পারে সে সম্পর্কে বিটিটিবি স্পষ্ট কিছু বলছে না। তবে ইন্টারনেট সার্ভিস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এজন্য ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে।
বিটিটিবির জেনারেল ম্যানেজার (নিরাপত্তা ও পর্যবেক্ষণ) লে. কর্নেল জিয়া রশিদ সফদার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেবল্ পুরোপুরি চালু হতে কয়েকদিন সময় লাগবে। বর্তমানে সিঙ্গাপুরের মাধ্যমে দেশের ইন্টারনেট যোগযোগ চলছে। এছাড়া স্যাটেলাইট ও ভিস্যাটের মাধ্যমেও ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে।"
বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে মিশরের আলেকজান্দ্রিয়ার কাছে কেবল্টি কেটে যায়।
বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) এক বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, ইন্টারনেট ব্যান্ডউইডথের জন্য ব্যবহৃত আটটি এসটিএম-১ এর মধ্যে সিঙ্গাপুরের মাধ্যমে দু'টি এসটিএম-১ এখন চালু আছে। ফলে ইন্টারনেটে তথ্য প্রবাহের গতি ধীর হয়ে গেছে।
এদিকে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ধীর গতির কারণে দেশের ইন্টারনেট নির্ভর শিল্পে বিরূপ প্রভাব পড়তে পারে।
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঠিক এ মুহূর্তে খুব একটা সমস্যা হচ্ছে না। তবে সোমবার থেকে সমস্যা হবে। এখন অনেক ব্যবসাই ইন্টারনেটের মাধ্যমে হয়। রপ্তানির অর্ডার, টেন্ডারে অংশগ্রহণ অনেক কিছুই এখন ইন্টারনেট নির্ভর।"
বাংলাদেশ অ্যাসোশিয়েশন অফ সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এর সভাপতি রফিকুল ইসলাম রাওলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা যারা ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান করি তাদের সমস্যা হচ্ছে। সাবমেরিন কেবল্ বিচ্ছিন্ন থাকায় চাহিদা অনুযায়ী গতি পাওয়া যাচ্ছে না।"
তিনি বলেন, দ্বিতীয় সাবমেরিন কেবল্এ যুক্ত হওয়ার ক্ষেত্রে আমাদের আর দেরি করা উচিত নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২৩০২ ঘ.
bdnews24