২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ১৫৩৩টি হাঁস-মুরগি নিধন, ফেনী-মানিকগঞ্জে মারা গেছে ১১০০

খুলনায় বার্ড ফ্লু আক্রান্ত এক হাজার ৫৩৩টি হাঁস-মুরগি, কবুতর মেরে ফেলা হয়েছে। এছাড়া ফেনী, মানিকগঞ্জ ও গোপালপঞ্জে সহস্রাধিক মুরগি মারা যাওয়ার কারণ অনুসন্ধানে সাভারের পশুসম্পদ গবেষণাগার ইনস্টিটিউট (বিএলআরআই) মুরগির নমুনা পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 04:20 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনায় বার্ড ফ্লু আক্রান্ত এক হাজার ৫৩৩টি হাঁস-মুরগি, কবুতর মেরে ফেলা হয়েছে। এছাড়া ফেনী, মানিকগঞ্জ ও গোপালপঞ্জে সহস্রাধিক মুরগি মারা যাওয়ার কারণ অনুসন্ধানে সাভারের পশুসম্পদ গবেষণাগার ইনস্টিটিউট (বিএলআরআই) মুরগির নমুনা পাঠানো হয়েছে। খুলনা প্রতিনিধি জানান, বার্ড ফ্লু আক্রান্ত এক হাজার ৫৩৩টি মুরগি, হাঁস, কবুতর মেরে পুঁতে ফেলেছে জেলা পশুসম্পদ অধিদপ্তর। বুধবার রাতে এ নিধন অভিযান চালানো হয়। জেলা পশুসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. ওবায়দুল করিম জানান, গত ২৭ জানুয়ারি নগরীর রূপসা স্ট্যান্ড রোডের শহীদুজ্জামানের বাড়িতে একটি দেশি মুরগি বার্ড ফ্লুতে মারা যায়। মারা যাওয়ার কারণ জানতে জেলা পশুসম্পদ অধিদপ্তর সেটিকে বিএলআরআইতে পাঠায়। ২৯ জানুয়ারি বিএলআরআই এক বার্তায় মুরগিটি বার্ড ফ্লু রোগে আক্রান্ত ছিল বলে নিশ্চিত করে। বুধবার জেলা প্রশাসন রূপসা স্ট্যান্ড রোডের শহীদুজ্জামানের বাড়ির এক কিলোমিটার এলাকা জুড়ে পাখি নিধন শুরু করে। মোট ৬৩টি পরিবারের হাস-মুরগী, করুতর ও নিধন ও ডিম নষ্ট করা হয়। আগামী তিন মাস এসব এলাকায় হাঁস-মুরগি পালন নিষিদ্ধ করা হয়েছে। ফেনী প্রতিনিধি জানান, সদর উপজেলার মোটবী, শর্শদি ও ফলেস্বরে প্রায় ৯০০ মুরটি মারা গেছে। এতে খামারিদের মাঝে বার্ড ফ্লু আতঙ্ক দেখা দিয়েছে। একাধিক খামারি ও জেলা পশু সম্পদ কার্যালয় জানায়, গত বুধ ও বৃহস্পতিবার সদর উপজেলার মোটবী ইউনিয়নের বাগাইয়া গ্রামের মো. ইব্রাহিমের খামারে ৮০০টির বেশি মুরগি মারা গেছে। খামারে ১২৪০টি লেয়ার মুরগি ছিল। মৃত মুরগিগুলো মাটিতে পুঁতে ফেলা হয়। একই সময়ে শর্শদি ইউপি চেয়ারম্যান আবুল হাশেমের বাড়িতে ও শহরতলীর ফলেস্বরের মো. ইসমাইলের বাড়িতে প্রায় ১০০ মুরগি মারা গেছে। জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. আমির হোসেন জানান, মুরগী মারা যাওয়ার কারণ সনাক্ত করতে নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার প্রতিবেদন আসার কথা আছে। বর্তমানে জেলার ৬ উপজেলায় সরকারি হিসাবে ২৮৯টি খামার রয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি জানান, জেলার ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের পয়লা গ্রামে আবু হানিফের পোল্ট্রি ফার্মে এক হাজার ২০০টি মুরগি মারা গেছে। ওই খামারে আরও ৩০০টি মুরগি আছে। আবু হানিফ জানান, গত চার দিনে পর্যায়ক্রমে তার খামারের মুরগিগুলো মারা যায়। এরপর তিনি মৃত্যুর কারণ জানার জন্য স্থানীয় পশু সম্পদ বিভাগে মৃত মুরগির নমুনা পাঠান। মানিকগঞ্জ আঞ্চলিক পশু রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. হোসেন আলী জানান, পরীক্ষা করে ওই খামারের মৃত মুরগিতে বার্ড ফ্লুর অস্তিত্ব পাওয়া যায়। আরও নিশ্চিত হওয়ার জন্য সাভার পশু সম্পদ গবেষণাগারে নমুনা পাঠানো হয়েছে। তিনি আরও জানান, গোপালগঞ্জেও কয়েকশ মুরগি মারা গেছে। গোপালগঞ্জ পৌর এলাকার থানাপাড়ার আবু হোসেনের খামার থেকে পাঠানো মৃত মুরগির নমুনা পরীক্ষা করে বার্ড ফ্লুর অস্তিত্ব পাওয়া গেছে। বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর উপজেলা পশু সম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে মানিকগঞ্জ গবেষণাগারে ওই নমুনা পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২২১৪ ঘ.