নারায়ণগঞ্জ, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার দেড় মাস পর বৃহস্পতিবার বিকেলে আড়াইহাজার উপজেলার পাল্লা গ্রামের এক গৃহবধু লাশ উদ্ধার করেছে পুলিশ। জেসমিন (৩৫) নামের এই গৃহবধুকে হত্যা করে লাশ টুকরো টুকরো করে কেটে মাটিতে পুঁতে ফেলা হয়।
বুধবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার জেসমিনের স্বামী আয়নাল ও তার বড় ভাই এনামুলের স্বীকারোক্তি অনুযায়ী জেসমিনের লাশ উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহফুজুল করীম জানান, কিশোরগঞ্জ সদর উপজেলার পাওন গ্রামের হাফিজ ভূঁইয়ার মেয়ে জেসমিনের সঙ্গে আড়াইহাজারের আয়নালের বিয়ে হয়। তাদের দুটি মেয়ে রয়েছে।
পারিবারিক বিরোধের জের হিসেবে জেসমিনের দায়েরকৃত নারী নির্যাতনের মামলায় আয়নাল জেল খাটে। এতে ক্ষুদ্ধ হয়ে আয়নাল তাকে হত্যার পরিকল্পনা করে। দেড় মাস আগে জেসমিন নিখোঁজ হন। অনুসন্ধান চালিয়ে বুধবার রাতে ঢাকা থেকে স্বামী আয়নাল ও তার বড় ভাই এনামূলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পরে তারা পুলিশের কাছে স্বীকার করে জেসমিনকে হত্যার পরে লাশ টুকরো টুকরো করে মাটিতে পুঁতে রাখা হয়েছে। পরে সেখানে বেগুন চাষ করা হয়।
নিহত জেসমিনের ছোট বোন লিমা বাদী হয়ে আয়নাল ও এনামুলকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে। জেসমিনের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৫ ঘ.
bdnews24