ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে আজম চৌধুরীর মামলার রায়ের ওপর নির্ভর করছে জরুরি অবস্থা জারির আগের ঘটনায় করা অন্য সব মামলার ভবিষ্যৎ- এমনটাই মনে করেন আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
হাসিনার বিরুদ্ধে আজম চৌধুরীর মামলার বিষয়ে হাইকোর্টের এমিকাস কিউরিদের মতামত সম্পর্কে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, "শেখ হাসিনার মামলার রায়ের ওপর নির্ভর করছে জরুরি বিধিমালার আওতায় নেওয়া অন্যান্য মামলার ভবিষ্যত।"
তবে আদালতে হাসিনার মামলাটি বিচারাধীন থাকায় বিষয়টিতে আর কোনো মন্তব্য করেননি তিনি।
আজম জে চৌধুরীর মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা হাসিনার রিট আবেদনের ওপর শুনানিতে আদালতের বন্ধু হিসেবে নিয়োগ পাওয়া (এমিকাস কিউরি) ছয় আইনজীবী বুধবার বলেন, সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারির আগের কোনো ঘটনায় দায়ের করা মামলা জরুরি ক্ষমতাবিধিতে বিচার করা যায় না।
বৃহস্পতিবার বিকেলে ভূমি মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফকে জরুরি অবস্থা তুলে নেওয়ার সম্ভাব্য সময়সীমা নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা।
এর সরাসরি জবাব এড়িয়ে তিনি বলেন, "জরুরি অবস্থা পর্যায়ক্রমে শিথিল হচ্ছে। প্রথমে যেমন ছিল এখন আর তেমন নেই। জরুরি অবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত আমার একার নয়, এতে প্রয়োজন সমন্বিত সিদ্ধান্ত।"
তিনি জানান, কারাগারে বন্দি নির্যাতন বন্ধের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে বিশেষ পদক্ষেপ নিয়েছে। তবে এখনো এ ধরনের অভিযোগ এলে তদন্ত করার জন্য প্রয়োজনীয় সুপারিশ করবেন তিনি।
৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান না করে নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছে কিনা- প্রশ্নের জবাব দিতে রাজি হননি তিনি।
হাসান আরিফ বলেন, "এটা নির্বাচন কমিশনের বিষয়, আমি কিছু বলব না। তবে কেয়ারটেকার সরকারের কোনো টাইম ফ্রেম নেই, তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।"
আইন উপদেষ্টা আরও বলেন, "সরকারের প্রধান কাজ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। ২০০৭ এর ১০ জানুয়ারি থেকে এখন পরিস্থিতি অনেক ভাল। সরকার মনে করে এখন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে।"
জরুরি ক্ষমতা বিধিমালার কোনো অপপ্রয়োগ হচ্ছে কিনা বা এর কোনো সংশোধনের প্রয়োজন কিনা- জানতে চাইলে তিনি বলেন, "আমি তা মনে করি না এবং এর কোনো সংশোধনীরও প্রয়োজন নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এসএনডি/এমএ/১৭৫৭ঘ.
bdnews24